Cyclone Mandous: সাগরে সাইক্লোন মান্দোসের চোখ রাঙানি! সতর্কবার্তা জারি আবহাওয়া দফতরের
বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এখানেই শেষ নয়, এই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে যা বৃহস্পতিবার ন
বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এখানেই শেষ নয়, এই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে যা বৃহস্পতিবার নাগাদ অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে এবং তামিলনাড়ু ও পুদুচেরির উত্তরে আঘাত হানতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে মান্দোস।

নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে এদিন সন্ধে নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ম্যানডাউসে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে ৮ ডিসেম্বর সকালের মধ্য অন্ধপ্রদেশের দক্ষিণ উপকূলে এবং তামিলনাড়ু, পুদুচেরি সংলগ্ন এলাকায় পৌঁছতে পারে।

এখনও ল্যান্ডফলের পূর্বাভাস নেই
আবহাওয়া দফতরের তরফে ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা হয়েছে। তবে তার ল্যান্ডফলের এখনও কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। ৭ ডিসেম্বরের মধ্যে উপগ্রহ চিত্র থেকে পরিস্থিতি ক্রমশই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
বেসরকারি আবহাওয়া সংস্থার তরফে বলা হয়েছে, ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকলেও, উপকূলের পৌঁছনোর আগেই তা দুর্বল হয়ে যেতে পারে।

ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, মঙ্গলবারের পাশাপাশি বুধবারেও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গার আবহাওয়া খারাপ থাকতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়াও কোনও কোনও জায়গায় ঘন্টায় ৪০-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এই সময় বহু পর্যটক আন্দামানে বেড়াতে যান। তাঁদের জন্যও এই সতর্কবার্তা।

তামিলনাড়ু ও অন্ধ্রে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং তা থেকে ঘূর্ণিঝড়। সব মিলিয়ে তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে ৭ ডিসেম্বর রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ৮ ডিসেম্বর সকালের মধ্যে এইশব এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তামিলনাড়ু জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলতে পারে ১০ ডিসেম্বর পর্যন্ত। ৭ ডিসেম্বর মধ্যরাত থেকে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। ৮ ডিসেম্বর ভারী থেকে অতিভারী এবং ৯ ও ১০ ডিসেম্বর দক্ষিণ অন্ধ্রপ্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এইসব জায়গার মৎস্যজীবীদের ৬ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে












Click it and Unblock the Notifications