প্রবল বৃষ্টিতে জলবন্দি রাজধানী, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
প্রবল বৃষ্টিতে জলবন্দি রাজধানী, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
মৌসুমী বায়ু (monsoon) এবার অনেক দেরিতে প্রবেশ করেও যেন ঘাটতি পুষিয়ে দিতে চাইছে। গত ২৪ ঘন্টায় রাজধানী দিল্লিতে প্রায় ৭০ মিমি বৃষ্টি হয়েছে। রাতভর বৃষ্টির জেরে সোমবার সকালে সেখানকার বিভিন্ন রাস্তায় জল জমে (waterlogging) যায়। শহরের বিভিন্ন রাস্তায় আটকে পড়ে যানবাহন। একই পরিস্থিতি আশপাশের এলাকাগুলিতেও।

হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, সারাদিনই দিল্লিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরে মাপ অনুযায়ী ১৫ মিমির কম বৃষ্টি হলে তাকে হাল্কা, ১৫ থেকে ৬৪.৫ মিমি হলে মডারেট, ৬৪.৫ থেকে ১১৫.৫ মিমির মধ্যে হলে ভারী এবং ১১৫.৬ থেকে ২০৪.৪ মিমি হলে অভিভারী এবং ২০৪.৪ মিমির বেশি হলে তাকে অতিপ্রবল বৃষ্টি বলা হয়। দিল্লিতে প্রবল বৃষ্টির জেরে তাপমাত্রা কমে যায়। এদিন দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, রাস্তা পিচ্ছিল। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কারণে ট্রাফিকের বিঘ্ন ঘটছে। আবহাওয়া দফতর আরও বলেছে, বৃষ্টি ও হাওয়ার কারণে আবাদ, উদ্যান, মাঠে থাকা ফসল, ঝুঁকিপূর্ণ কাঠামো, কাঁচাঘর এবং ঝুঁপড়ির ক্ষতি হতে পারে। এছাড়াও মাঝারি থেকে ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম হতে পারে। নিচু এলাকাগুলি জলবন্দি হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, সম্ভব হলে ঘরের মধ্যে থাকতে হবে। দরজা-জানাল বন্ধ রাখতে হবে। ঘরে থাকা ইলেকট্রিক বস্তু থেকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

রাস্তায় জল জমায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি
এদিন দিল্লি পুলিশের তরফে পুলপেলাদপুরে রেলব্রিজের নিচে জলজমার কথা জানানো হয়েছে। গাড়ি এমবি রোড থেকে মথুরা রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গুরুগ্রামে পরিস্থিতি তুলনামূলকভাবে খারাপ। রাস্তাগুলি ছোট নদীতে পরিণত হয়েছে।

আশপাশের এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস
শুধু জাতীয় রাজধানী দিল্লিতেই নয়, বাহাদুরগড়, গুরুগ্রাম, মানসার, ফরিদাবাদ, বল্লভগড়, লোনি দেহাত, হিন্দন এফ স্টেশন, গাজিয়াবাদ, ইন্দ্রপুরম, নয়দা, দাদরি এবং গ্রেটার নয়ডাতেও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications