নজরে উত্তরপ্রদেশ নির্বাচন, ক্ষমতায় এলে বিদ্যুৎ বিলে ৩০০ ইউনিট ছাড়ের প্রতিশ্রুতি AAP-র
নজরে উত্তরপ্রদেশ নির্বাচন, ক্ষমতায় এলে বিদ্যুৎ বিলে ৩০০ ইউনিট ছাড়ের প্রতিশ্রুতি AAP-র
গোয়ার পর এবার নজরে উত্তরপ্রদেশ নির্বাচন, উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে, এবার এমনই প্রতিশ্রুতি দিল আম আদমি পার্টি। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে আপ নেতা তথা দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া বিদ্যুৎ বিলে এই ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন।

সাংবাদিক সম্মেলনের শুরুতেই দেশের রাজধানী এবং তার প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশে বিদ্যুৎ খরচের তুলনা করেন মনীশ। এরপরেই তাঁর আবেদন, বিদ্যুৎ বিলে ভর্তুকি পেতে মানুষ যেন আগামী নির্বাচনে আম আদমি পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করে। এভাবেই উত্তরপ্রদেশের মানুষ দিল্লির মতো সুযোগ সুবিধা পাবে। মনীশের ঘোষণা, আপ ক্ষমতায় আসলে উত্তরপ্রদেশের প্রত্যেক পরিবার ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবে। কৃষকদের একটি নয়া পয়সাও খরচ করতে হবে না বিদ্যুৎ বিল বাবদ৷
তাঁর কথায়, 'উত্তরপ্রদেশের নাগরিকদের ক্ষমতাতেই দামী বিদ্যুৎ বিলের অবসান ঘটবে৷ আম আদমি পার্টি ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যেক পরিবারকে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে। শুধুমাত্র বিদ্যুৎ বিলে ভর্তুকি নয়। একুশ শতকে দাঁড়িয়ে যাতে উত্তরপ্রদেশবাসী সারাদিন ধরে এই পরিষেবা পায়, তার বন্দোবস্তও করব আমরা। উত্তরপ্রদেশ দিল্লির মতো নয়, এই রাজ্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব, তাই ২৪×৭ বিদ্যুৎ সরবরাহও সম্ভব।'
প্রসঙ্গত, ২০২২ সালে শুধু উত্তরপ্রদেশ নয়। গোয়ার বিধানসভা নির্বাচনেও বড় ফ্যাক্টর হতে পারে দিল্লির শাসকদল আম আদমি পার্টি এরকমটাই মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, গোয়াতে যদি তাঁরা জিততে পারেন, সেখানেও বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ পরিষেবা দেবেন। সেই রাজ্যেও কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের কথা বলেছিলেন তিনি৷
তবে আম আদমি পার্টি যাই বলুক না কেন দিল্লিতে আপের ফ্রি বিদ্যুতের সমালোচনা বিরোধীরা সবসময় করে থাকে৷ কিছুদিন আগেই একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপি নেতা এবং প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বলেছেন দিল্লির পরিকাঠামে উন্নয়নের টাকা সেই কাজে ব্যবহার না করে ওই টাকা দিয়ে ফ্রি-র বিদ্যুৎ দিচ্ছে আপ সরকার৷ দিল্লিতে রাস্তা ঘাট থেকে স্কুল কলেজ, পরিবেশে দূষণ রোধ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন সহ একাধিক ইস্যুকে বহু বছর ধরে নেগলেক্ট করে সেই টাকা দিয়ে ফ্রির বিদ্যুৎ দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন কেজরিওয়াল এবং টিম৷ এমনকি দিল্লিতে এয়ার ফিল্টার লাগানো নিয়েও আপ-কে খোঁচা দিয়েছেন গৌতম গম্ভীর৷












Click it and Unblock the Notifications