তামিলনাড়ুতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ১১, আহত ২০ জনেরও বেশি
তামিলনাড়ুর করাইকুড়ির কাছে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদিন ঘটা এই দুর্ঘটনায় আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে আটজন মহিলা, দুজন পুরুষ এবং এক শিশু রয়েছে। দুর্ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে।
জেলা পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, করাইকুড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। আহত ২০ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এক সপ্তাহের মধ্যে এটি তামিলনাড়ুতে দ্বিতীয় বড় বাস দুর্ঘটনা। এর আগে চলতি সপ্তাহে তেনকাসি জেলায় একই ধরনের এক দুর্ঘটনায় ছয়জন মারা যান এবং ৫০ জনের বেশি আহত হন। ওই দুর্ঘটনার সময় দুটি বাসে অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন।
আহতদের মধ্যে অনেকের হাত, পা এবং মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তেনকাসির দুর্ঘটনাটি ঘটেছিল যখন মাদুরাই থেকে সেনকোট্টাইগামী একটি বেসরকারি বাস এবং তেনকাসি থেকে কোভিলপট্টিগামী আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় যানই দুমড়ে-মুচড়ে গিয়েছিল, যার ফলে একটি বড় উদ্ধার অভিযান চালাতে হয়েছিল।












Click it and Unblock the Notifications