Puri: পুরীর রথযাত্রায় মর্মান্তিক ঘটনা, পদপিষ্ট হয়ে তিনজন মৃত, আহত ৫০ এর বেশি মানুষ
ওড়িশার পুরীতে জগন্নাথ রথযাত্রার সময় শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে কমপক্ষে তিনজন মারা গিয়েছেন এবং ৫০ জন আহত হয়েছেন। রবিবার ভোর ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে এই ঘটনাটি ঘটে। তখন সেখানে প্রচুর ভিড় ছিল।
পুরীর জেলা কালেক্টর সিদ্ধার্থ এস সোয়েইন জানান, শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে দর্শনের জন্য কয়েকশো ভক্ত জড়ো হয়েছিলেন। হঠাৎ ভিড় বেড়ে যাওয়ায় পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়।

জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের পুরী জেলা হাসপাতালে নিয়ে যায়। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় জানা গিয়েছে। তাঁরা হলেন খোদা জেলার বাসিন্দা বসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং বালিপাটনার প্রভাতী দাস। তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটে। সেখানে জগন্নাথদেব রথে উপবিষ্ট ছিলেন। দর্শনের সময় ভিড় অনিয়ন্ত্রিত হয়ে যায় এবং বিশৃঙ্খলার মধ্যে অনেক মানুষ পড়ে গিয়ে পদপিষ্ট হন।
কর্তৃপক্ষ ঘটনার কারণ তদন্ত শুরু করেছেন। এক আধিকারিক জানান, "আমরা খতিয়ে দেখছি কী কারণে ভিড় বেড়েছিল এবং ভিড় নিয়ন্ত্রণে কোনও ত্রুটি ছিল কিনা।"
প্রসঙ্গত, প্রতি বছর এই রথযাত্রায় জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার বিশাল রথ পুরীর রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়। এই বছর আনুমানিক দশ লক্ষ ভক্ত এই রথযাত্রায় অংশ নিয়েছিলেন। দেবদেবীদের গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁরা এক সপ্তাহ থাকার পরে জগন্নাথ মন্দিরে ফিরে আসেন।












Click it and Unblock the Notifications