উন্নাও ধর্ষণকাণ্ডে ফের ধাক্কা কুলদীপ সেনগারের! জামিন আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, কী জানাল শীর্ষ আদালত?
উন্নাও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগারের আইনি লড়াইয়ে আবারও বাধা। ধর্ষিতার বাবার হেফাজতে মৃত্যু সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের কাছে জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই আবেদন গ্রহণ করল না শীর্ষ আদালত। কুলদীপকে জানানো হয়েছে যে, এই বিষয়ে দিল্লি হাই কোর্টই সিদ্ধান্ত নেবে।

আজ প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, জামিন সংক্রান্ত বিষয়টি দিল্লি হাই কোর্টকে খুব তাড়াতাড়িই নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে, তিন মাসের মধ্যে যেন এই বিষয়টি নিষ্পত্তি করা হয়।
২০১৭ সালে উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তৎকালীন বিজেপি বিধায়ক কুলদীপ সেনগার এবং তাঁর সহযোগীর বিরুদ্ধে। তবে শুধু ধর্ষণই নয়, মামলার সময় নির্যাতিতার বাবার পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনাটিতেও কুলদীপের নাম জড়ায়। আর এই মামলায় ২০২০ সালে নিম্ন আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানাও করে।
এর আগে একবার সাজা স্থগিত চেয়ে দিল্লি হাই কোর্টে আবেদন করেছিলেন কুলদীপ। কিন্তু সেখানেও স্বস্তি পাওয়া যায়নি। সেই নির্দেশের বিরুদ্ধেই আবার তিনি সুপ্রিম কোর্টে যান। আদালতে তাঁর আইনজীবী দাবি করেন যে, কুলদীপ ইতিমধ্যেই সাত বছরের বেশি সাজা ভোগ করে ফেলেছেন। যদিও সেই আবেদনের তীব্র বিরোধিতা করে সিবিআই।
প্রসঙ্গত, ধর্ষণ মামলায় কুলদীপের যাবজ্জীবন সাজা আপাতত বহাল রয়েছে। দিল্লি হাই কোর্ট একসময় সেই সাজা স্থগিত করেছিল কিন্তু, সিবিআইয়ের আবেদনে সুপ্রিম কোর্ট আবার ওই নির্দেশে স্থগিতাদেশ দেয়।












Click it and Unblock the Notifications