জঙ্গি হামলার ছক প্রজাতন্ত্র দিবসে, হামলা হতে পারে প্রধানমন্ত্রীর ওপর, সতর্ক গোয়েন্দা বিভাগের
জঙ্গি হামলার ছক প্রজাতন্ত্র দিবসে
সামনেই প্রজাতন্ত্র দিবস আর সেদিন ভারতে হতে পারে বড়সড় জঙ্গি হামলা। এমনটাই আশঙ্কা করছে ভারতের গোয়েন্দা বিভাগ। শুধু তাই নয়, হামলা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের ওপরও। সেরকমই হুঁশিয়ারি এসেছে গোয়েন্দাদের কাছ।

প্রধানমন্ত্রী ও অন্যান্য বিশিষ্টদের ওপর হামলা
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে গোয়েন্দাদের ন'পাতার গোপন তথ্য হাতে এসেছে। যেখানে ইঙ্গিত রয়েছে যে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের ওপর জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, ২৬ জানুয়ারি উপলক্ষ্যে প্রধান অতিথি হয়ে আসার কথা রয়েছে কাজাখাস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান এই মধ্য এশিয়া দেশের পাঁচজন নেতার।

কোন কোন জঙ্গি গোষ্ঠী থাকতে পারে এর পেছনে
গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই হুমকি এসেছে পাকিস্তান/আফগানিস্তান-পাকিস্তান প্রদেশ থেকে। এই জঙ্গি গোষ্ঠীগুলির উদ্দেশ্য হল উচ্চ পদস্থ বিশিষ্ট ব্যক্তিদের ওপর হামলা করা এবং জনসমাবেশ, গুরুত্বপূর্ণ স্থান এবং জনবহুল এলাকাগুলিতে নাশকতার পরিকল্পনা। এই গোপন সূত্রের খবরে আরও বলা হয়েছে যে লস্কর-ই-তৈবা, দ্য রেসিস্ট্যান্স ফোর্স, জৈশ-ই-মহম্মদ, হরকত-উল-মুজাহিদিন ও হিজবুল-উল-মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীগুলি এই হুমকি ও নাশকতার পরিকল্পনার পেছনে থাকতে পারে।

খলিস্তানি জঙ্গিরাও সক্রিয় হচ্ছে
গোয়েন্দাদের সূত্রের খবরে এও বলা হয়েছে যে পাকিস্তানের খলিস্তানি গোষ্ঠীর সদস্যরা পাঞ্জাবে একত্রিত হয়ে জঙ্গি গোষ্ঠী পুনরুজ্জীবিত করছে। তাদেরও পাঞ্জাব সহ অন্যান্য রাজ্যে নাশকতার ছক রয়েছে। প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে পাওয়া গোয়েন্দাদের তথ্য অনুযায়ী খলিস্তানি জঙ্গি সংগঠন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ও অন্যান্য সফরের জায়গায় হামলা করার পরিকল্পনা করেছিল।

নাশকতার ছক করছে আল কায়দাও
এখানে উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের দিন বড়সড় জঙ্গি হামলা হতে পারে ভারতে তা আগেই এক রিপোর্টে ভারতকে সতর্ক করেছে রাষ্ট্রপুঞ্জ। এবার একই রকম হুঁশিয়ারি দিচ্ছেন ভারতীয় গোয়েন্দারাও। ভারত এবং বাংলাদেশে প্রশিক্ষণপ্রাপ্ত আল কায়দা জঙ্গিরা হামলার জন্য প্রস্তুত রয়েছে। নিজেদের সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানাচ্ছেন ভারতীয় গোয়েন্দা আধিকারিকরা। গোয়েন্দা রিপোর্টে দাবি করে জানানো হয়েছে প্রায় ১৩০ জন আল কায়দা জঙ্গি প্রশিক্ষণ নিয়ে ভারতে হামলা চালাতে প্রস্তুত। আফগানিস্তান ও পাকিস্তানের হাক্কানি নেটওয়ার্কের সঙ্গেও তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications