Telangana Assembly Election 2023: নির্ধারিত সময়ের একদিন আগেই তেলেঙ্গানায় রাহুল! কেসিআর সরকারকে তীব্র আক্রমণ
Telangana Assembly Election 2023: আসন্ন বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় লড়াই জমিদার পরিবারের সঙ্গে বেকার যুবক, কৃষক ও মহিলাদের। তিনি এখানে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ও তার পরিবারকে জমিদার পরিবার বলে উল্লেখ করেছেন। কোল্লাপুরে একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী অভিযোগ করেন, গত সাড়ে নয় বছরে গোটা তেলেঙ্গানা প্রত্যক্ষ করেছে, কীভাবে কেসিআরের পরিবার জনগণকে লুট করেছে।
রাহুল গান্ধী বলেছেন, কেসিআর কৃষক, দলিত ও সাধারণ মানুষের থেকে প্রকল্পের নামে অর্থ উপার্জন করতে ছাড়েনি। বুধবার তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারে যাওয়ার কথা থাকলেও, একদিন আগেই সেখানে চলে যান রাহুল গান্ধী। কারণ স্বাস্থ্যের কারণে প্রিয়ঙ্কা গান্ধীর অনুপস্থিতি।

কেসিআরের ওপরে আক্রমণ অব্যাহত রেখে রাহুল গান্ধী বলেছেন, কালেশ্বরম লিফ্ট সেচ প্রকল্প ছিল এই শাসনের সব থেকে বড় কেলেঙ্কারি। তিনি বলেন, কংগ্রেস অতীতে তেলেঙ্গানায় বেশ কয়েকটি সেচ প্রকল্প তৈরি করেছিল। সেগুলি এখন বর্তমান রয়েছে এবং শক্তিশালী রয়েছে বলে দাবি করেন তিনি। সেই প্রকল্পগুলির সঙ্গে তিনি কালেশ্বরম প্রকল্পের তুলনা করে বলেছেন, নতুনগুলি দুই বছরের মধ্যে নষ্ট হতে বসেছে।
ওয়ানাডের কংগ্রেস সাংসদ বলেছেন, কেসিআরের পরিবার প্রতিবছর প্রতিটি পরিবারের ওপর ৩১ হাজার টাকার ঋণের বোঝা রেখে যাচ্ছে। যা ২০৪০ সাল পর্যন্ত দিতে হবে। তিনি বলেছেন, অতীতে কংগ্রেস সরকার দলিত, আদিবাসী ও অন্য দরিদ্রদের জমি বরাদ্দ করেছিল। কিন্তু ভারত রাষ্ট্র সমিতির সরকার ধরণী পোর্টালের নামে জমির রেকর্ডগুলি হেরফের করে তা দখলের চেষ্টা করছে।
শুধুমাত্র বিআরএস নেতারা এবং তাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজন এবং অন্য জনপ্রতিনিধিরা ধরণী পোর্টালের মাধ্যমে সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা কেসিআর কংগ্রেসকে আক্রমণ করেছেন। কংগ্রেসই দুর্নীতিতে ডুবে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। কেসিআর আরও বলেছেন, কংগ্রেস নেতারা পদ, চুক্তি ও লবিংয়ে বেশি আগ্রহী। কিন্তু জনগণ সম্পর্কিত বিষয়ে নয়।












Click it and Unblock the Notifications