Meghalaya Case: রাজাকে খুনের পর খুনিদের ২০ লক্ষ টাকা দেন সোনম, দাবি মেঘালয় পুলিশের
বিয়ের কয়েক দিন পরেই হানিমুনে গিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুনের পর ভাড়াটে খুনিদের ২০ লক্ষ টাকা দেন খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সোনম রঘুবংশী। এমনই দাবি মেঘালয় পুলিশের।
মঙ্গলবার উত্তর প্রদেশের গাজিয়াবাদে আত্মসমর্পণ করার পর মেঘালয় পুলিশ সোনম রঘুবংশীকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে শিলং নিয়ে আসা হয়। তার তথাকথিত প্রেমিক রাজ কুশওয়াহা এবং মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের তিন সন্দেহভাজন ভাড়াটে খুনিকে গ্রেফতার করার একদিন পর সোনম আত্মসমর্পণ করেন।

ইন্দোরের এক সিনিয়র পুলিশ অফিসার মেঘালয় পুলিশের সঙ্গে এই তদন্তে সহযোগিতা করছেন। তিনি জানান, "রাজ কুশওয়াহার দাবি, সে সোনমকে সমর্থন করতে চায়নি এবং শেষ মুহূর্তে মেঘালয়ে যাওয়ার পরিকল্পনা বাতিল করে। এমনকী সে নাকি বাকি তিনজনকে যেতে নিষেধ করেছিল। কিন্তু সোনম টিকিট বুক করার পর তারা মেঘালয় দেখতে গিয়েছিল। শেষ মুহূর্তেও তিনজন খুন করতে রাজি হয়নি। কিন্তু সোনম জেদ ধরেছিল এবং বলেছিল যে এর জন্য সে ১৫ লক্ষ টাকা দেবে। পুলিশ এই দাবির সত্যতা যাচাই করছে।"
মেঘালয় পুলিশের এক কর্মকর্তা সোনমের যাত্রাপথের কথা উল্লেখ করে জানান, গাজিয়াবাদ থেকে পাটনা, তারপর কলকাতা, গুয়াহাটি এবং সবশেষে শিলং - এই পথে আনার সময় তিনি বিশেষ কথা বলেননি।
সোমবার এই মামলায় চাঞ্চল্যকর মোড় আসে। জানা যায়, সোনম ও তার প্রেমিক রাজ কুশওয়াহা রাজার খুনের সঙ্গে জড়িত। এর কয়েকদিন আগে খবরে প্রকাশ পায় যে হানিমুনে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন এই দম্পতি। গত মাসের ১১ মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২১ মে মেঘালয়ে যান। ২৩ মে তাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। ২ জুন পূর্ব খাসি হিলস জেলার সোহরা এলাকায় রাজা রঘুবংশীর নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ২৩ মে নিখোঁজ হওয়ার দিনই খুন করা হয়েছিল রাজাকে।
তদন্তকারীদের ধারণা, সোনম এবং তার প্রেমিক রাজ কুশওয়াহা, দুজনেই ইন্দোরের বাসিন্দা এবং তারা মিলেই এই খুনের পরিকল্পনা করেছিল।
মেঘালয় পুলিশের এক আধিকারিক জানান, অভিযুক্তরা সোনমের নির্দেশে কাজ করেছে এবং কুশওয়াহার সঙ্গে মিলে সোনমই খুনের পরিকল্পনা করেছেন। তিনি আরও জানান, খুনের আগের মুহূর্তে সোনম ক্লান্ত হওয়ার ভান করে। রাজার পিছনে খুনিদের দাঁড় করিয়ে একটি নির্জন জায়গায় পৌঁছনোর পরে সোনম তাদের খুন করার নির্দেশ দেন। ওই আধিকারিক জানান, ঘটনার পরম্পরা যাচাই করার জন্য সোনম ও অভিযুক্ত তিন খুনিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা পর্যটকের ছদ্মবেশে ওই দম্পতির সঙ্গে বন্ধুত্ব করে পরিকল্পনা কার্যকর করেছে। পুলিশ ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং সমস্ত দিক খতিয়ে দেখবে।












Click it and Unblock the Notifications