শেষ মুহূর্তে বাতিল একাধিক উড়ান! দিল্লি-মুম্বই বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন বিমান যাত্রীরা
দীর্ঘ ৬০ দিনের প্রতীক্ষার পর আজ থেকে দেশে চালু হল আন্তঃরাজ্য বিমান পরিষেবা। তাই বাড়ি ফিরতে সকাল থেকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় যাত্রীদের। বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে লাইন পড়ে যায় যাত্রীদের। কারণ এই টার্মিনাল থেকেই অন্তর্দেশীয় বিমানগুলি ছাড়ছে। তবে এরই মধ্যে যাত্রীদের ভেবাচেকা করে দিয়ে আগাম জানান না দিয়েই এদিন বাতিল করা হল একাধইক উড়ান।

৬০ দিন ফের চালু বিমান পরিষেবা
মার্চের শেষে দেশব্যাপী লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে বন্ধ রয়েছে বিমান চলাচল। অবশেষে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিঃসন্দেহে বিমান ক্ষেত্রে স্বস্তির বাতাবরণ তৈরি করবে। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে এই ক্ষেত্রকে। রবিবার বিভিন্ন রাজ্যের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সোমবার থেকে দেশীয় বিমান পরিষেবা চালুর বিষয়টি চূড়ান্ত হয়।

দিল্লি বিমান বন্দরে বাতিল ৮২টি উড়ান
তবেও স্বস্তি মেলেনি যাত্রীদের মধ্যে। শুধুমাত্র দিল্লি বিমানবন্দরেই ৮২টি উড়ান বাতিল করা হয়। তিন নম্বর টার্মিনালে থাকা যাত্রীদের মধ্যে এর জেরে ক্ষোভ দেখা যায়। তাদের দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত তাদের উড়ান বাতিলের খবর দেওয়া হয়নি। প্রায় একই চিত্র মুম্বই বিমানবন্দরেও।

মন্ত্রী হরদীপ পুরীর বক্তব্য
এর আগে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী টুইট করে জানান, বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে কঠিন আলোচনার দীর্ঘ দিনের পরে দেশের যাত্রীবাহী বিমান পরিষেবা শুরুর বিষয়টি চূড়ান্ত হয়েছে। তবে অন্ধ্রপ্রদেশে এই পরিষেবা শুরু হবে ২৬ মে। এবং বাংলায় ২৮ মে। বাকি দেশে সোমবার থেকেই বিমান পরিষেবা শুরু হয়ে যাবে।

বাধ্যতামূলক করা হয়েছে আরোগ্য সেতু অ্যাপ
সরকারের তরফে সমস্ত যাত্রীকে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলিকে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। উড়ানের সময়ের দু'ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছনোর কথা বলা হয়েছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ফাঁকা রাখা হবে না বিমানের মাঝখানের আসন
এদিকে আগামী তিন মাসের জন্য টিকিটের সীমা ২,০০০ টাকা থেকে ১৮,৬০০ টাকার মধ্যে রাখা হয়েছে সাতটি বিভাগে। মাঝের আসন ফাঁকা রাখার পরিকল্পনা বাতিল করা হয়েছে টিকিটের দাম সাধ্যের মধ্যে রাখার জন্য।












Click it and Unblock the Notifications