করোনা আতঙ্কে রেকর্ড পতন টাকার দামে! কোন পথে দেশের অর্থনীতি?
করোনা আতঙ্কে ক্রমেই দাম পড়ছে ভারতীয় মুদ্রার। প্রায় প্রতিদিনই টাকার দামে পতন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মত, বর্তমান পরিস্থিতিতে আগামী দিনে টাকার দাম আরও কমার আশঙ্কা৷ ডলার পিছু ৭৫-র নিচে নেমে যেতে পারে টাকার দাম৷ ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার সকালে আরও দুজনের শরীরে এই মারণ সংক্রমণের খোঁজ মেলে।

আন্তর্জাতিক মুদ্রা বাজারে অস্থিরতা
শুক্রবার থেকেই আন্তর্জাতিক মুদ্রা বাজারে অস্থিরতা দেখা দেয়। এর জেরে টাকার দাম পড়তে থাকে। আজ ডলারের তুলনায় টাকার দাম পড়ে যায় ১৬ পয়সা। এর জেরে বর্তমানে টাকার দাম গিয়ে দাঁড়ায় ডলার প্রতি ৭৪.০৩ টাকায়। গত ১৬ মাসের সর্বনিম্ন এই দাম। ২০১৮-র ৩১ অক্টোবরের পর টাকার দাম এতটা নেমে গেল।

করোনা আতঙ্কে ধস শেয়ার বাজারেও
এদিকে ইয়েস ব্যাঙ্ক ও করোনা ভাইরাসের জেরে ধাক্কা খেয়েই চলেছে শেয়ার বাজার। গত সপ্তাহের বৃহস্পতিবারই বড় ধাক্কা খেয়েছিলেন ইয়েস ব্যাঙ্কের আমানতকারীরা। এরপর থেকে শুক্রবার থেকেই বড় পতন শুরু হয় বাজারে। শুক্রবার বাজার খুলতেই ১৪০০ পয়েন্ট পড়ে যায় সূচক। আর সেই রেশ ধরে রেখে সপ্তাহের শুরুতেই ফের বড় পতন লক্ষ্য করা গেল বাজারে।

১১০০ পয়েনট পতন সেনসেক্সে
আজ শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ১১৩৯.৭১ পয়েন্ট পতন হয় সেনসেক্সে। এর জেরে সূচক গিয়ে দাঁড়ায় ৩৬,৪৩৬.৯১ পয়েন্টে। নিফটিও পড়ে ৩২৫ পয়েন্ট। এর জেরে নিফটি দাঁড়ায় ১০,৬৩৩.৬০ পয়েন্টে।

কোন দিকে অর্থনীতি?
অর্থনীতিবিদদের একাংশের মতে, এশিয়া প্যাসেফিক অঞ্চলের অর্থনীতি রীতিমতো ঝুঁকির মুখে পড়েছে করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়ায়৷ পর্যটন শিল্পের পাশাপাশি এই ভাইরাসের জেরে বন্ধ হয়ে গিয়েছে চিনের আমদানি রফতানিও। এর জেরে এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে বিস্তর। যদি আগামী কয়েক সপ্তাহে চিনের উহান শহরে এই মহামারী তাড়াতাড়ি নিয়ন্ত্রণ না করা যায় তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধস নামবে বলে আশঙ্কা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের৷












Click it and Unblock the Notifications