গুজরাতের পর রাজস্থানেও বিপাকে কংগ্রেস! রাজ্যসভা নির্বাচনের আগে 'অপারেশন কমল'-এ বিদ্ধ গেহলট
নিশ্চিত ভোটেও রাজস্থানে চিন্তায় কংগ্রেস। কোটি কোটি টাকার বিনিময়ে রাজ্যে সরকার ফেলার চক্রান্ত চলছে বলে অভিযোগ কংগ্রেসের। অভিযোগের তির বিজেপি-র দিকে। রাজস্থানের রাজ্যসভার আসনগুলির মধ্যে তিনটিতে ১৯ জুন হবে ভোটগ্রহণ।

রাজস্থানে বিপাকে কংগ্রেস সরকার
রাজ্যসভা নির্বাচনের আগে গুজরাতে যখন দল গোছাতে ব্যস্ত কংগ্রেস, তখনই রাজস্থানে বিপাকে তাদের সরকার। কংগ্রেসের অভিযোগ, ভোটের আগে টাকার খেলায় সরকার ভাঙার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে তদন্তের দাবিও জানিয়েছে তাঁরা। দুর্নীতির অভিযোগে এবং স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে রাজ্যের দুর্নীতি দমন বিউরোর প্রধানকে চিঠি দিয়েছেন রাজস্থান বিধানসভায় কংগ্রেসের মুখ্য সচেতক মহেশ যোশী।

রাজস্থানে সরকার ফেলার চক্রান্ত
রাজ্যসভা ভোটের আগে রাজস্থানে সরকার ফেলার চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস। দলবদলের জন্য কংগ্রেস বিধায়কদের টাকা ও পদের টোপ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

রাজস্থানে দু'টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত
১৯ জুন রাজস্থানের রাজ্যসভা আসনগুলির তিনটিতে ভোট হবে। যার মধ্যে বিধানসভায় আসন সংখ্যার নিরিখে দু'টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত। বর্তমানে রাজস্থানে ১০৭ জন কংগ্রেস বিধায়ক রয়েছেন। এছাড়া ১২ জন নির্দল বিধায়ক কংগ্রেস সরকারকে সমর্থন করছে। অন্যদিকে, বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭২। সেইসঙ্গে সহযোগী ও নির্দল মিলিয়ে আরও ৬ জন রয়েছে তাদের।

বিধায়কদের দিল্লি-নাগপুর হাইওয়ের রিসর্টে পাঠিয়েছে কংগ্রেস
সূত্রের খবর, নিজেদের বিধায়কদের ইতিমধ্যেই দিল্লি-নাগপুর হাইওয়ের কাছে শিববিলাস রিসর্টে সরিয়ে এনেছে কংগ্রেস । সেখানে বৈঠক করছেন রণদীপ সুরজেওয়ালা এবং কে সি বেণুগোপালের মতো শীর্ষ নেতারা। প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে কর্নাটকে সরকার পতনের পর চলতি বছরের মার্চে মধ্যপ্রদেশে ক্ষমতা হারায় কংগ্রেস।












Click it and Unblock the Notifications