যখন যুবকরা কাজ চায়, তখন সরকার চাঁদ দেখায়! লাতুরের সভা থেকে মোদী সরকারকে আক্রমণ রাহুল গান্ধীর
ভোট প্রচারে মহারাষ্ট্রে রাহুল গান্ধী। এদিন লাতুরের আউসায় সভা করেন তিনি। সভা থেকে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি টেনে আনেন মুন মিশনের কথা।
মহারাষ্ট্রে ভোটের প্রচারে নামলেন রাহুল গান্ধী। রবিবার লাতুরের আউসায় সভা করেন তিনি। সভা থেকে কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি টেনে আনেন মুন মিশনের কথা। তাঁর অভিযোগ আসল সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে মোদী সরকার।

'সরকার চাঁদ দেখায়'
সভায় রাহুল বলেন, যখন যুবকরা কাজ চায়, তখন সরকার চাঁদ দেখায়। এপ্রসঙ্গে ইসরোর চন্দ্রায়ন-২-এর কথা বলেন তিনি। রাহুল মোদীর কাছ থেকে জানতে চান, চিনের প্রেসিডেন্ট শি জিনপিন-এর সঙ্গে বৈঠকে ২০১৭ সালের ডোকলাম নিয়ে কোনো কথা হয়েছে কিনা। রাহুল বলেন, ২০১৭ সালে চিনের বাহিনী ভারতের জমিতে প্রবেশ করেছিল। তিনি মেক ইন ইন্ডিয়াকে কটাক্ষ করে বলেন, এটা মেক ইন ইন্ডিয়া নয়, মেক ইন চায়না।

মোদী-শাহকে আক্রমণ
জনগণকে দেশের সমস্যা থেকে দূরে সরানোর প্রসঙ্গে রাহুল মোদীর পাশাপাশি অমিত শাহের সমালোচনা করেন। তিনি বলেন, এই দুজন দেশের মানুষকে আসল সমস্যা থেকে দূরে সরিয়ে রাখছেন। তিনি বলেন, সরকার শুধুমাত্র ৩৭০ ধারার কথা উল্লেখ করছেন। আর বলছেন চাঁদের কথা।

আক্রমণ সংবাদ মাধ্যমকে
এদিন তিনি সংবাদ মাধ্যমকেও আক্রমণ করেন। দেশে কৃষকদের সমস্যা নিয়ে সংবাদ মাধ্যম নীরব বলেও অভিযোগ করেন তিনি। দেশে চাকরির সুযোগ কম বলেও অভিযোগ তাঁর। রাহুলের অভিযোগ ১৫ জন ধনী ব্যক্তির জন্য সরকার ৫.৫ লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে।

চাঁদে রকেট পাঠানোকে কটাক্ষ
এদিন লাতুরের সভা থেকে রাহুল গান্ধী বলেন, চাঁদে রকেট পাঠালে মহারাষ্ট্রের মানুষের পেট ভরবে না। তিনি প্রশ্ন করেন নোটবাতিল থেকে কারা উপকার পেলেন।












Click it and Unblock the Notifications