Narendra Modi: কৃষকরা সবার আগে, প্রথম দিনেই দফতরে কিষাণ নিধি প্রকল্পের অর্থ বরাদ্দ প্রধানমন্ত্রী মোদীর
তৃতীয়বার প্রধামন্ত্রী পদে শপথ নেওয়ার পর আজ প্রথম দফতরে পা রাখলেন নরেন্দ্র মোদী। আর প্রথম দিনেই দফতরে গিয়ে তিনি কিষাণ নিধি প্রকল্পের ফাইলে সই করেন। ২০১৯-র লোকসভা ভোটের আগে কিষাণ নিধি প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মোদী। এই পকল্পে দেশের ৯.৩ কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়।
এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে তেমন ভাল ফল করেনি বিজেপি। অযোধ্যাতেও হারতে হয়েছে বিজেপিকে। উত্তর প্রদেশকে প্রধানত কৃষি প্রধান রাজ্য বলা হয়। কৃষকরা যে মোদীর উপরে তেমন ভাবে সন্তুষ্ট নয় সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এবার ভোটের ফলাফলে। তাই হয়তো কৃষকদের মন জয়ে প্রধম দিনেই ঝাঁপাল তৃতীয় মোদী সরকার।

প্রথম দিন দফতরে গিয়েই যে ফাইলটিতে তিনি সই করেছেন সেটি কিষাণ নিধি প্রকল্পের ফাইল। দেশের ৯.৩ কোটি কৃষকের জন্য ২০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। লোকসভা ভোটের কারণে এতোদিন আটকে ছিল কৃষকদের এই অনুদান। ভোট মিটতেই আগে কৃষকদের অগ্রাধিকার দিয়ে এই প্রকল্পের অর্থ বরাদ্দে অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী মোদী।
কৃষক বিক্ষোভের আবহেই ২০১৯-র লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল বিজেপি। মোদী সরকারের কৃষিনীতি নিয়ে বিদ্রোহ তুঙ্গে উঠেছিল দেশে। দীর্ঘদিন পাঞ্জাব উত্তর প্রদেশের কৃষকরা বিক্ষোভ দেখিয়েছিল দিল্লির রাজপথে। দিল্লির প্রবেশের পথ অবরোধ করে প্রায় এক বছর আন্দোলন চলেছিল। এবার ভোট বাক্সে কৃষকদের বিক্ষোভের প্রতিফলন ঘটেছে। তার কারণ উত্তর প্রদেশে খারাপ ফল করছে বিজেপি।
এবারে আর নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারেনি বিজেপি। শরিকদের সাহায্য নিতে হয়েছে। ৪০০ আসন পাবে দাবি করে প্রচারের ময়দানে ঝাঁপিয়েছিলেন মোদী শাহরা। চারশো আসন পাওয়া তো দূরের কথা সাড়ে তিনশোও পেরোতে পারেনি বিজেপি। জোট শরিকদের কাঁধে ভর করে সরকার গড়তে হয়েছে মোদীকে। কাজেই এবার যে সরকার চালানো সহজ হবে না সেটা বিলক্ষণ জানেন তিনি।
তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসে সবার আগে তাই কৃষকদের মন জয়ের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মোদী। দেশের ৯.৩ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২০,০০০ কোটি টাকা জমা করার ফাইলে স্বাক্ষর করেছেন তিনি। যাতে আরও কৃষক এই প্রকল্পের সুবিধা পেতে পারেন তার চেষ্টা করবে তাঁর সরকার এই বার্তা দিয়েছেন মোদী। ২০১৯ সালে ক্ষমতায় এসে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু সেটা তো দূরের কথা উল্টে কৃষি নীতি নিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ।












Click it and Unblock the Notifications