গেহলট ভার্সেস পাইলট, রাজস্থান কংগ্রেসের দ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রধানমন্ত্রী মোদীর
কর্নাটকের পর এবার টার্গেট রাজস্থান। শিয়রে ভোট রাজস্থানে। এদিকে রাজস্থান কংগ্রেসের অবস্থা অত্যন্ত সংকটজনক। অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিবাদ আর গোপন নেই। প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ কুৎসা করে চলেছেন। তারই মাঝে যাকে বলে আগুনে ঘি ঢাললেন প্রধানমন্ত্রী মোদী।
রাজস্থান কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে এবার সরাসরি মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন অশোক গেহলট নিজের দলের বিধায়কদেরই বিশ্বাস করে না। আবার তাঁর দলের বিধায়করা তাঁকে বিশ্বাস করে না। এমনই সরকার চলছে রাজস্থানে।

রাজস্থান কংগ্রেস এমন একটা সরকার চালাচ্ছে যেখানে প্রকাশ্যে সকলে সকলকে অপমান করছে বলে অভিযোগ করেছেন তিনি। যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর পদটিই সমস্যায় রয়েছে তখন সেখানে কী উন্নয়ন হবে সেটা বোঝাই যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক মাস ধরে সচিন পাইলটের সঙ্গে অশোক গেহলটের বিবাদ প্রকাশ্যে এসে পড়েছে। আর রাখঢাক নেই।
প্রকাশ্যেই সচিন পাইলটকে গদ্দার বলেছেন অশোক গেহলট। আবার সচিন পাইলটও পাল্টা নিজের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি অভিযোগ করেছেন বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অশোক গেহলট। কিন্তু তার কিছুই করেননি তিনি। এতে রাজ্যবাসীর কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন তিনি। তার প্রতিবাদে একদিনের অনশনও করেছেন সচিন পাইলট।

কয়েকদিন আগেই আবার সচিন পাইলট দাবি করেেছন অশোক গেহলট মনে হয় বসুন্ধরা রাজের প্রতি বেশি অনুগত সোনিয়া গান্ধীর কাছে নয়। নিজের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও দল ছাড়ছেন না বলে জানিয়ে গিয়েছেন সচিন পাইলট। দুর্নীতির বিরুদ্ধে জনসংঘর্ষ যাত্রা করবেন বলে জানিয়েছেন তিনি।
চলতি বছরের শেষেই রাজস্থানে নির্বাচন।আর অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিবাদের সুযোগকে যে বিজেপি ভালমত কাজে লাগাবে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাতেই। এই নিয়ে কংগ্রেস নিজেও যথেষ্ট চাপে রয়েছে। সভাপতি নির্বাচনের সঙ্গে গেহলট অনুগামীদের বিদ্রোহ নিয়ে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিলেন সোনিয়া গান্ধী।












Click it and Unblock the Notifications