স্তব্ধ কাশ্মীরে অনুষ্ঠিত হতে চলেছে স্থানীয় নির্বাচন
কাশ্মীরে গত দুমাস ধরে জনজীবন স্তব্ধ হয়ে থাকলেও সেখানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
কাশ্মীরে গত দুমাস ধরে জনজীবন স্তব্ধ হয়ে থাকলেও সেখানে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যপাল সত্যপাল মালিকের নেতৃত্বে প্রশাসন জানিয়ে দিয়েছে, পঞ্চায়েতে ভোট অনুষ্ঠিত হবে ভূস্বর্গে। গত বছরের নভেম্বরে বড় রাজনৈতিক দলগুলির বয়কট সত্বেও সেখানে স্থানীয় নির্বাচন হয়েছিল। একদিকে ছিল জঙ্গিদের হুমকি, অন্যদিকে ন্যাশনাল কনফারেন্স অথবা পিপিপি পার্টির বয়কট। তার মধ্যে ভোট হয়।

তবে গত বছর নির্বাচনে ভোট শতাংশ ছিল অনেকটাই কম। তার থেকেও প্রশাসনের কাছে বিড়ম্বনা ছিল ৬০ শতাংশ আসনে কোনও প্রার্থী দাঁড়াননি। সেটাই ছিল ভূস্বর্গের পৌর নির্বাচনে সবচেয়ে খারাপ দৃষ্টান্ত।
রবিবার মুখ্য নির্বাচন আধিকারিক শৈলেন্দ্র কুমার জানিয়েছেন, কাশ্মীরের ৩১০টি ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলে ভোট হবে। আগামী মাসে ভোট হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী - ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি এই মুহূর্তে জেলবন্দি। অগাস্টের ৫ তারিখ কাশ্মীরের সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার সময় থেকেই তাঁদেরকে প্রথমে গৃহবন্দি করে রাখা হয়। পরে জেলবন্দি করা হয়েছে। এই অবস্থায় কাশ্মীরের এই নির্বাচন রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications