সিকিমে ভূমিধসের কবলে সেনা ক্যাম্প, নিহত ৩ জওয়ান, নিখোঁজ ৬
প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত সিকিম। সেখাানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। উত্তর সিকিমের ছাতেন এলাকায় একটি সেনা ক্যাম্প ধসের কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় এদিন সোমবার ৩ জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও, এখনও পর্যন্ত ৬ জন সেনাকর্মী নিখোঁজ রয়েছেন এবং তাঁদের সন্ধানে জোরদার উদ্ধার অভিযান চলছে।
জানা গিয়েছে, ছাতেন এলাকায় রবিবার রাত থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা ৭টা নাগাদ আচমকা ধস নামে সামরিক ক্যাম্প সংলগ্ন এলাকায়। ধসের তীব্রতায় ক্যাম্পটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন হাবিলদার লক্ষ্মীন্দর সিং, ল্যান্স নায়েক মুনীশ ঠাকুর এবং পোর্টার অভিষেক লাখাদা। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় চারজন সেনাকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

সিকিমের আবহাওয়া বর্তমানে অত্যন্ত প্রতিকূল। অবিরাম বৃষ্টির কারণে উত্তর সিকিমের বিভিন্ন এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এবং প্রায় ১৫০০ জন পর্যটক বিভিন্ন স্থানে আটকে পড়েছেন বলে খবর। তিস্তার জলস্তরও বিপদসীমার উপর দিয়ে বইছে। যার ফলে উদ্ধারকাজেও বিঘ্ন ঘটছে।
প্রশাসন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে লাগাতার বৃষ্টি এবং ধসের কারণে উদ্ধার অভিযান চ্যালেঞ্জের মুখে পড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, সাধারণত জুন মাসে সিকিমে সাধারণত বর্ষা শুরু হয় এবং এই সময়ে ভারী বৃষ্টিপাত খুবই স্বাভাবিক ঘটনা। তবে এবারে বৃষ্টিপাতের তীব্রতা অনেক বেশি। যার ফলে রাজ্যের জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত আটকে পড়া পর্যটকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications