রাম মন্দির-কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করেই বিহারে নির্বাচনী প্রচারে পদ্মশিবির, পাল্টা তোপ বিরোধীদের
রাম মন্দির-কাশ্মীর ইস্যুকে হাতিয়ার করেই বিহারে নির্বাচনী প্রচারে পদ্মশিবির, পাল্টা তোপ বিরোধীদের
রাত পোহালেই শুরু হতে চলেছে বিহার বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে শেষ মহূর্তের নির্বাচনী প্রচারে বিন্দু মাত্র মাটি ছাড়তে দেখা যায়নি শাসক বিরোধী কোনও পক্ষকেই। এদিকে রবিবারই বিহারের সমস্তিপুর, মোতিহার সহ একাধিক জায়গায় বিশালাকার জনসভা করতে দেখা যায় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর প্রতিক্ষেত্রেই কাশ্মীর থেকে রাম মন্দির ইস্যুতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের জয়ঢাক পেটাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

একের পর এক ইস্যুতে বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর
প্রসঙ্গত উল্লেখ্য চলতি বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের জেডিইউ-র সঙ্গে গাঁটছড়া বেঁধেই নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়েছে বিজেপি। অন্যদিকে এনডিএ জোটের পাল্টা বিরোধী মহাজোটে রয়েছে আরজেডি, কংগ্রেস ও বামেরা। এদিকে শেষদিনের নির্বাচনী প্রচারেও একাধিক ইস্যুতে বিরোধীদের কটাক্ষপাত করতে দেখা যায় মোদীকে। উঠে আসে নকশাল জাগরণ প্রসঙ্গও।

প্রচারের শীর্ষে রাম মন্দির ইস্যু
অন্যদিকে দ্বিতীয় দফায় কেন্দ্র সরকারের ক্ষমতা গ্রহণের পর এনডিএ সরকারের সব থেকে বড় সাফল্য হিসাবে জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ ও রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনকেই বিহারের নির্বাচনে প্রচারে শীর্ষ এজেন্ডা করে এগোতে দেখা যায় বিজেপিকে। পাশাপাশি লাদাখে গালওয়ান সেনা সংঘর্ষের সময় ভারত-চিন সেনা সংঘর্ষে বিহার রেজিমেন্টের সেনাদের আত্মত্যাগের কথা একাধিকবার শোনা যায় মোদীর গলায়।

পুলওয়ামা জঙ্গি হামলার প্রসঙ্গ টেনেও তোপ মোদীর
অন্যিদিকে সরণ জেলার চাপড়া কেন্দ্র থেকে ভাষণ দেওয়ার সময় ২০১৯ সালের পুলওয়ামা জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে পাকিস্তানকেও এক হাত নিতে দেখা যায় মোদীকে। পাশাপাশি সেই সময় ভারতের পাল্টা প্রত্যাঘাত প্রসঙ্গে বিরোধীদের সমালোচনারও এদিন কড়া জবাব দিতে দেখা যায় মোদীকে। এমনকী সেই সময় থেকেই পাকিস্তানের সীমান্ত চক্রান্ত ঠেকাতে বিহার রেজিমেন্টের সেনাদের একাধিক আত্মবলিদানকেও বারংবার কুর্নিশ জানাতে দেখা যায় মোদীকে।

৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে বিরোধীদের বেনজির আক্রমণ মোদীর
অন্যদিকে ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা হ্রাসের পর কেন্দ্রের সমালোচনায় মুখর হয় কংগ্রেস সহ বিরোধী শিবিরের একটা বড় অংশ। জম্মু-কাশ্মীরের স্বাধিকার পুনঃ প্রতিষ্ঠার দাবিতেও সরব হতে দেখা যায় পিডিপি, ন্যাশান্যাল কনফারেন্সের মত কাশ্মীরের একাধিক বড় বড় রাজনৈতিক দলকেও। এদিকে ২৩ অক্টোবর বিহারে প্রথম জনসভাতেও ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে বিরোধীদের বেনজির আক্রমণ করতে দেখা যায় মোদীকে।

সেনা আবেগকে কাজে লাগিয়েই ফায়দা তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির ?
৩৭০ ধারা পুনরায় ফেরানোর দাবিতে আদপে যে সমস্ত বিহার রেজিমেন্টের সেনারা গালওয়ান সেনা সংঘর্ষে আত্মবলিদান দিয়েছে তাদের পরোক্ষভাবে অপমান করা হচ্ছে বলেও তোপ দাগেন মোদী। অন্যদিকে ভোট জিততেই মোদী ফের হিন্দুত্ববাদী এজেন্ডাকে সামনে রেখে প্রচারে নেমেছে বলেও পাল্টা তোপ দাগতে দেখা যায় বিরোধীদের। একইসাথে তাদের আরও অভিযোগ সেনা আবেগকে কাজে লাগিয়েই বর্তমানে ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছে গেরুয়া শিবির।












Click it and Unblock the Notifications