জেলের মধ্যেই হার্ট অ্যাটাক, হাসপাতালে এনেও বাঁচানো গেল না গ্যাংস্টারকে, যোগীর রাজ্যে উত্তেজনা
লোকসভা ভোটের আগে উত্তেজনা যোগীর রাজ্যে। হঠাৎ করেই জেলের মধ্যে পড়ে গিয়ে হার্ট অ্যাটাক গ্যাংস্টার নেতা মুক্তার আনসারির। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।
উত্তর প্রদেশের বান্দার জেলে বন্দি ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি জেলের শৌচাগারে পড়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে রানি দুর্গাবতী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক চেষ্টার পরেও বাঁচানো যায়নি তাঁকে। রাত ৮টা ২৫ মিনিট নাগাদ জেলের অ্যাম্বুলান্সে করে তাঁকে অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে আর জ্ঞান ফেরেনি গ্যাংস্টার নেতার।

উত্তর প্রদেশের মৌ বিধানসভা এলাকার বিধায়ক পদে ছিলেন আনসারি। একাধিকবার সেখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু একাধিক মামলা ছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় দোষী সাব্যস্ত হয়ে বান্দা জেলে ছিলেন আনসারি। গ্যাংস্টার নেতার প্রয়ানে শোক প্রচাখ করেছে সমাজবাদী পার্টি। আনসারির মারা যাওয়ার পরেই যোগী সরকার মৌ, গাজিপুর এবং বান্দার নিরাপত্তা জোরদার করেছে।
৬৩ বছরের আনসারি পর পর ৫ বার মৌ সদর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। কিন্তু ২০০৫ সাল থেকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি উত্তর প্রদেশ এবং পাঞ্জাবের জেলে ছিলেন। তাঁর বিরুদ্ধে ৬০টি অপরাধের মামলা এখনও চলছে।
জানা গিয়েছে গত ২৬ মার্চ নাকি মুক্তার আনসারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় পেটে ব্যাথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রানি দুর্গাবতি হাসপাতালে সুপার জানিয়েছিলেন সেখানে তাঁর চিকিৎসা হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছিল। তারপরে আবার জেলের শৌচালয়ে পড়ে যান তিনি। এবং অচৈতন্য হয়ে পড়েন। তারপর আর জ্ঞান ফেরেনি।












Click it and Unblock the Notifications