১৫ অগাস্টের সঙ্গে ৫ অগাস্টের তুলনা! রাম মন্দিরের অনুষ্ঠানে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?
ভূমিপুজোয় অংশ নেওয়া ও রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মঞ্চে উঠে প্রথমেই তিনি বলেন, 'আজ পুরো বিশ্বজুড়ে রাম-সীতা নাম ধ্বনিত হচ্ছে৷ সারা বিশ্বের রামভক্তদের আজকের এই শুভদিনে শুভেচ্ছা জানাই৷ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানাই৷'

স্বর্ণযুগের সূচনা
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'সরযূ নদীর তীরে আজ স্বর্ণযুগের সূচনা হল৷ আজ এক ইতিহাসের সাক্ষী হলাম৷ রাম আমাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে৷ যে রামলালা একদিন তাঁবুতে থাকতেন, তাঁর জন্য বিশাল মন্দির তৈরি করা হবে৷ এই রামমন্দির আমাদের সংস্কৃতির প্রতীক হবে৷ আজ রামমন্দির নির্মাণের পুণ্যকাজ শুরু হল৷'

৫ অগাস্ট ততটাই গুরুত্বপূর্ণ যতটা ১৫ অগাস্ট
এরপর প্রধানমন্ত্রী বলেন, 'এই মন্দিরের জন্য অনেকে জীবন বলিদান দিয়েছেন৷ আজকের দিন ত্যাগ ও তপস্যার প্রতীক৷ ৫ অগাস্ট ততটাই গুরুত্বপূর্ণ যতটা ১৫ অগাস্ট। এটি দেশকে এক সূত্রে গাঁথতে সাহায্য করবে। সারা দেশের জন্য আজ এক আবেগের মুহূর্ত৷ তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল৷'

ভারতের আস্থায় রাম, আদর্শে রাম
প্রধানমন্ত্রী মোদীর কথায়, 'ভারতের আস্থায় রাম, আদর্শে রাম, দিব্যতায় রাম, দর্শনে রাম রয়েছেন৷ ভারতে এমন কিছু বিষয় নেই যেখানে প্রভু রামের ঝলক দেখতে পাওয়া যায় না৷ রাম মন্দির তৈরির পর অযোধ্যার অর্থনীতি বদলে যাবে৷ সারা বিশ্বের মানুষ প্রভু রাম ও মাতা জনকীর দর্শন করতে এখানে আসবেন৷'

কয়েক প্রজন্মের অখণ্ড প্রচেষ্টা
রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত সবাইকে সম্মান জানিয়ে মোদী বলেন, 'রাম মন্দিরের জন্য কয়েক প্রজন্ম অখণ্ড প্রচেষ্টা এবং এক নিষ্ঠ ভাবে চেষ্টা করেছে। আজকের দিন সেই সংকল্প ও ত্যাগের প্রতীক। অর্পণ আর তর্পণের প্রতীক। যাঁদের ত্যাগ, বলিদান ও সংঘর্ষের জন্য এই স্বপ্নপূরণ হচ্ছে আমি তাঁদের সবাইকে ১৩০ কোটি দেশবাসীর তরফে মাথানত করে প্রণাম জানাচ্ছি।'

কয়েক কোটি রামভক্তের সংকল্পের প্রমাণ
এরপর প্রধানমন্ত্রী আরও বলেন, 'কোটি কোটি মানুষের বিশ্বাসই হয়তো হচ্ছে না যে জীবদ্দশায় তাঁদের এই স্বপ্নপূরণ হচ্ছে। অনেক বছর ধরে কাঠ আর তাঁবুর নিচে থাকা রামলালার জন্য এবার মন্দির নির্মাণ। ভাঙা গড়ার মধ্যে দিয়ে রাম জন্মভূমির এক অনন্য ইতিহাস রচিত হতে চলেছে। আজকের দিনটি কোটি কোটি রামভক্তের সংকল্পের প্রমাণ৷ সত্য, অহিংসা, আস্থা ও ন্যাভপ্রিয় ভারতের জন্য আজকের দিনটি পরম উপহার৷'












Click it and Unblock the Notifications