মোদী সরকারের জিএসটি বিল জলদি পাশ করুন, অমিত মিত্রকে আর্জি মমতার
কলকাতা, ৭ জুন : রাজনীতি রাজনীতির জায়গায়, আর মানুষের সেবা সবচেয়ে আগে। কিছুটা এই ঢংয়েই জিএসটি বিল (পণ্য পরিষেবা কর বিল) নিয়ে নিজের ও দলের সমর্থনের কথা ফের একবার জানালেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর এর মাধ্যমেই ফের একবার মোদী সরকারের পাশে থাকার যেমন সূক্ষ্ম বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো, তেমনই বাম-কংগ্রেস জোটকে ঘুরিয়ে কোণঠাসা করার চেষ্টা করলেন বলে মত রাজনৈতিক মহলের।

এদিন কলকাতায় বণিকসভার এক অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে শীঘ্র জিএসটি বিল পাশ করার জন্য তদ্বির করেন মমতা। ঘটনাচক্রে সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে কেন্দ্রের যে জিএসটি বিল নিয়ে কমিটি তৈরি হয়েছে অমিতবাবু তার চেয়ারম্যান।
ফলে সেজন্যই মমতা অমিতবাবুকে বলেন, এবার তাড়াতাড়ি যাতে বর্ষাকালীন অধিবেশনের মধ্যেই জিএসটি বিল পাশ হয়ে যায় তার ব্যবস্থা করতে। তাঁর কথায়, রাজনৈতিকভাবে আমরা বিজেপির বিরোধী। সেই পথ থেকে আমরা সরব না। তবে তার জন্য মানুষের জন্য কোনও কাজ হলে তাতে তৃণমূল বিরোধিতা করবে না।
জিএসটি বিলকে মানুষের উপকারের বিল বলে বর্ণনা করে মমতা বলেন, এমন নীতি হলে আমি সবসময় সবার আগে সমর্থন জানাব। কিছু দল রাজনৈতিক স্বার্থে নানা অসুবিধার সৃষ্টি করছে বলেও ঘুরিয়ে বাম-কংগ্রেসকে এদিন নিশানা করেন মমতা।
বস্তুত মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংসদে জিএসটি বিল পাশ করানো নিয়ে হোঁচট খেয়ে চলেছে। বিশেষ করে রাজ্যসভায় বিজেপির শক্তি কম থাকায় কংগ্রেস-বামেরা এক হয়ে বিলের বিরোধিতার সুর চড়িয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস প্রথমে জিএসটি বিলের বিরোধিতা করলেও পরে সেই অবস্থান থেকে সরে এসে প্রথমে বিমায় বেসরকারি বিনিয়োগ ও পরে কয়লা বিল ও সবশেষে জিএসটি বিলে মোদী সরকারকে সমর্থন জানিয়েছে।












Click it and Unblock the Notifications