NDA Meeting: এনডিএ-র বৈঠকেই থাকবেন চন্দ্রবাবু নাইডু, টিডিপি সুপ্রিমো দাবি করতে পারেন বিরাট পদ
NDA Meeting: লোকসভা নির্বাচনের ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ-ও থেমে গিয়েছে তিনশোর কমে। বর্তমানে যা পরিস্থিতি তাতে শরিকদের উপর নির্ভর করতে হবে বিজেপিকে।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, দুই N, অর্থাৎ নাইডু ও নীতীশের সমর্থনের উপর নির্ভরশীল এনডিএ। সেই চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার দুজনেই দিল্লি গিয়েছেন।

অন্ধ্র প্রদেশে নির্বাচনের আগেই টিডিপি ফিরেছিল এনডিএ জোটে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেখানে সরকার গঠন করতে চলেছে তেলুগু দেশম পার্টি। লোকসভা নির্বাচনেও এনডিএকে সাফল্য এনে দিয়ে অন্ধ্রে ম্যান অব দ্য ম্যাচ চন্দ্রবাবু নাইডু।
২০১৯ সালে যে চন্দ্রবাবু মোদী-বিরোধী জোট গঠনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তবে নির্বাচনী লড়াইয়ে ধরাশায়ী হন, সেই নাইডুর সিদ্ধান্তের উপর নির্ভর করতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। অন্ধ্র প্রদেশ রাজ্যের জন্য যে বিশেষ প্যাকেজ কেন্দ্রের কাছে নাইডু দাবি করবেন তা বলার অপেক্ষা রাখে না।
নাইডুর সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। নাইডুর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণে হাজির থাকবেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বিজয়ওয়াড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাইডু জানিয়ে দেন, তিনি দিল্লি যাচ্ছেন এনডিএর বৈঠকে যোগ দিতেই।
নাইডুর কথায়, আমি অভিজ্ঞ। দেশে অনেক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী। তবে আমরা এনডিএতেই রয়েছি। দিল্লি যাচ্ছি এনডিএ বৈঠকে যোগ দিতে। নির্বাচন মেটার পর এটিই আমার প্রথম সাংবাদিক বৈঠক। রাজনীতিতে উত্থান-পতন থাকেই। অনেক রাজনৈতিক দল, নেতাদের ধরাশায়ী হতে দেখেছি, রাজনৈতিক ইতিহাস তার সাক্ষী।
চন্দ্রবাবু অন্ধ্র জয়ের প্রেক্ষিতে বলেন, এবারের নির্বাচন ঐতিহাসিক ছিল। বিদেশে থাকা অনেকেই এবার ভোট দিতে দেশে ফিরেছিলেন। রাজ্যকে বাঁচাতে জন সেনা পার্টির প্রধান পবন কল্যাণও জোটকে সাফল্য এনে দিতে বড় ভূমিকা নিয়েছেন বলে উল্লেখ করেন চন্দ্রবাবু।
বিভিন্ন মহল থেকে জানা গিয়েছে, সরকার গঠনের উদ্যোগ নিতে ইন্ডিয়া জোট চন্দ্রবাবুকে কাছে পেতে চাইছে। বিভিন্ন বার্তাও পাঠানো হচ্ছে। যদিও টিডিপি-র তরফে এমন দাবি অস্বীকার করা হয়েছে। যদিও সূত্রের খবর, আজ বিকেলে এনডিএ-র যে বৈঠক রয়েছে তাতে লোকসভার অধ্যক্ষের পদ দাবি করতে পারেন তেলুগু দেশম পার্টির সুপ্রিমো।
উল্লেখ্য, অন্ধ্র প্রদেশে টিডিপি পেয়েছে ১৬টি আসন, বিজেপি ৩টি, জনসেনা পার্টি ২টি আসন। ওয়াইএসআর কংগ্রেস পার্টি পেয়েছে ৪টি আসন। অন্ধ্রের বিধানসভা নির্বাচনে টিডিপি ১৭৫টির মধ্যে একাই পেয়েছে ১৩৫টি আসন। জনসেনা পার্টি ২১টি, বিজেপি ৮টি আসনে জিতেছে। ওয়াইএসআরসিপি পেয়েছে ১১টি আসন।












Click it and Unblock the Notifications