Defeated Ministers: স্মৃতি ইরানি-সহ বহু কেন্দ্রীয় মন্ত্রীর হার, বাংলা থেকে তালিকায় নাম নিশীথ ও সুভাষের
Defeated Ministers: লোকসভা নির্বাচনে চারশো পারের ডাক দিয়েও তিনশোয় পৌঁছতে পারেনি এনডিএ। একাই ৩৭০-এর বেশি পাবে বিজেপি, সেই দাবিরও সলিল সমাধি হয়েছে।
বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি, থামতে হয়েছে ২৪০-এ। নির্বাচনের ফলে স্পষ্ট, দ্বিতীয় মোদী সরকারের অনেক মন্ত্রী পরাস্ত হয়েছেন এবারের নির্বাচনে।

হিন্দি বলয়ে একাধিক হেভিওয়েট মন্ত্রী এবার জিততে পারেননি। অমেঠিতে কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি ২০১৯ সালে রাহুল গান্ধীকে হারিয়েছিলেন। এবার সেখানে তিনি ১,৬৭,১৯৬ ভোটে হেরে গিয়েছেন গান্ধী পরিবারের ঘনিষ্ঠ কিশোরী লাল শর্মার কাছে।
কেরলের তিরুঅনন্তপুরমে কংগ্রেসের শশী তারুরের কাছে ১৬ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি লখিমপুর খেরি আসনে ৩৪ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন সমাজবাদী পার্টির উৎকর্ষ ভার্মার কাছে। উল্লেখ্য, অজয়ের পুত্র ২০২১ সালের অক্টোবরে লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন।
ঝাড়খণ্ডের খুন্তি কেন্দ্রে কংগ্রেসের কালীচরণ মুণ্ডার কাছে ১,৪৯,৬৭৫ ভোটে হেরে গিয়েছেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী অর্জুন মুণ্ডা। কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী রাজস্থানের বাড়মের কেন্দ্রে তৃতীয় স্থানে চলে গিয়েছেন, জয়ী প্রার্থীর থেকে পিছিয়ে ৪.৪৮ লক্ষ ভোটে।
তামিলনাড়ুর নীলগিরিতে কেন্দ্রীয় মৎস্য, দুগ্ধ ও প্রাণিসম্পদ মন্ত্রকের প্রতিমন্ত্রী ২,৪০,৫৮৫ ভোটে পরাস্ত হয়েছেন ডিএমকের এ রাজার কাছে। এ ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে পরাজিতদের তালিকায় নাম রয়েছে সঞ্জীব বালিয়ানের, তিনি মুজফ্ফরনগরে সমাজবাদী পার্টির হরেন্দ্র সিং মালিকের কাছে ২৪ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন।
এ ছাড়া বিহারের আরা কেন্দ্রে আরকে সিং পরাস্ত হয়েছেন ৪৫ হাজারের বেশি ভোটে। চান্দাইলি কেন্দ্রে সমাজবাদী পার্টির বীরেন্দ্র সিংয়ের কাছে হেরে গিয়েছেন। বিগত ৫ বছরে মোদী সরকারে থাকা যে মন্ত্রীরা হেরে গিয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কৌশল কিশোর, ভানুপ্রতাপ সিং ভার্মা। মহারাষ্ট্রের রাওসাহেব দানভে, কপিল পাতিল, ভারতী পাওয়ার হেরে গিয়েছেন।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তীর কাছে ৩২ হাজার ৭৭৮ ভোটে পরাস্ত হয়েছেন। কোচবিহার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ৩৯,২৫০ ভোটে হারিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং যুবকল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। কেরলে ভি মুরলীধরন, কর্নাটকের ভগবন্ত খুবাও পরাস্ত হয়েছেন এবারের লোকসভা নির্বাচনে।












Click it and Unblock the Notifications