কেরলে ম্যানহোল পরিষ্কার করতে অভিনব উদ্যোগ! মানুষের জায়গায় এবার ম্যানহোলে নামবে রোবট
মানুষের জায়গায় ম্যানহোল পরিষ্কারে নামছে রোবট। কেরলে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে।
ম্যানহোল পরিষ্কার করতে পুরনো রীতি ভাঙল কেরল। যেভাবে মানুষ নেমে ম্যানহোলের বর্জ্য পরিষ্কার করে তা কার্যত অমানুষিক। কেরলে ম্যানহোল পরিষ্কার করতে রোবোটিক স্ক্যাভেঞ্জার ব্যান্ডিকুট ব্যবহার শুরু হয়েছে।

কেরলের ত্রিশুর জেলার গুরুভায়ুর স্যুয়ারেজ প্রকল্পে ১০০ দিনের কাজ পরিচালনার অঙ্গ হিসেবে রোবোটিক স্ক্যাভেঞ্জার ব্যান্ডিকুটের ব্যবহার শুরু করেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী রোসি অগাস্টিন। গুরুভায়ুর স্যুয়ারেজ প্রকল্পে ব্যান্ডিকুটের ব্যবহার শুরুর সঙ্গে সঙ্গে কেরলে মানুষের মাধ্যমে বর্জ্য পরিষ্কার শেষ হল বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ম্যানহোল পরিষ্কারে রোবোটিক স্ক্যাভেঞ্জার ব্যবহারে কেরল দেশের মধ্যে প্রথম রাজ্য।
কেরলের জলসম্পদ মন্ত্রী বলেছেন, ম্যানহোল পরিস্কারে রোবোটিক প্রযুক্তির ব্যবহার ম্যানহোল পরিষ্কারের প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে পড় পদক্ষেপ। গুরুভায়ুরে রোবোটিক স্ক্যাভেঞ্জারের ব্যবহারের জন্য একটি বিশেষ দল গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। ম্যানহোল পরিষ্কারে আধুনিকীকরণের ফলে মহামারীর বিস্তার যেমন রোধ করা যাবে, ঠিক তেমনই স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও তা সাহায্য করবে বলে জানিয়েছেন তিনি।
কেরল ভিত্তিক জেনরোবোটিকের ডিরেক্টর অনুষ্ঠানে জানিয়েছেন, আগামী দিনে কেরল জুড়েই রোবোটিক স্ক্যাভেঞ্জারের ব্যবহার হবে। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে দেশের ১৭ টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে রোবোটিক স্ক্যাভেঞ্জার কাজ করছে।
২০১৮ সালে তিরুবন্তপুরমে ম্যানহোল পরিষ্কার করতে এই ব্যান্ডিকুটের ব্যবহার শুরু করা হয়। পরে তা শুরু হয় এর্নাকুলামেও।
এই প্রক্রিয়ায় রোবোটিক স্ক্যাভেঞ্জার ব্যান্ডিকুটের প্রধান অংশকে ম্যানহোলের মধ্যে ঢোকানো হয়। তারপরে রোবোটের হাত ব্যবহার করে বর্জ্য অপসারণ করা হয়। যন্ত্রটিতে মানুষের অঙ্গপ্রত্যঙ্গের মতোই অংশ রয়েছে। এছাড়াও সেখানে ওয়াটার প্রুফ এইচডি ভিশন ক্যামেরা এবং সেন্সর রয়েছে। এই সেন্সর ম্যানহোলের মধ্যের ক্ষতিকারক গ্যাস সনাক্ত করতে পারে।
কেরলের সংস্থা জেনরোবোটিক রোবোটিক স্ক্যাভেঞ্জার ব্যান্ডিকুট তৈরি করেছে। যারা এর জন্য কেরলের স্টার্টআপ মিশন আয়োজিত হাডল গ্লোবাল ২০২২ কনক্লেভে কেরল প্রাইড পুরস্কার পেয়েছে।












Click it and Unblock the Notifications