কোভিডের দংশনে অনাথ শিশুদের নিয়ে নয়া উদ্যোগ বিজেপির, যোগীদের বড় নির্দেশ নাড্ডার
কোভিডের দ্বিতীয় স্রোতে যে সমস্ত শিশুরা তাদের বাবা-মা , অভিভাবকদের হারিয়েছে, তাদের নিয়ে এবার বড়সড় উদ্যোগের পথে বিজেপি। কয়েকদিন আগে এই শিশুদের পড়াশোনার দায়িত্ব যাতে প্রধানমন্ত্রী নেওয়ার ব্যবস্থা করেন, তার বার্তা দিয়ে নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠান সোনিয়া গান্ধী। এবিষয়ে বেশ কিছু পরামর্শ দেন কংগ্রেস সভানেত্রী। এদিকে, গতকালই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এই ইস্যুতে বিজেপি শাসিত রাজ্য়ের সমস্ত মুখ্যমন্ত্রীদের প্রতি বড় বার্তা দেন।

নাড্ডার নির্দেশ
উত্তর প্রদেশ , কর্ণাটকের মতো সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি পাঠিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বার্তা দেন, যে সমস্ত শিশু কোভিডে তাদের বাবা মা কে হারিয়েছে বা তাদের অভিভাবকের মৃত্যু হয়েছে, সেই অনাথদের জন্য যেন মুখ্যমন্ত্রীরা ওয়েলফেয়ার স্কিম তৈরি করেন।

'এটা বিজেপির দায়িত্ব'
জেপি নাড্ডা তাঁর চিঠিতে সাফ লেখেন, যে সমস্ত শিশুরা কোভিডে মা ও বাবা দুজনকেই হারিয়েছে, তাদের খেয়াল রাখা বিজেপির দায়িত্ব । এবিষয়ে ফলপ্রসূ পদক্ষেপ নেওয়া বিজেপির উদ্যোগে সামিল হোক বলে তিনি চিঠিতে লেখেন। তিনি আগেও কোভিড পরিস্থিতিতে বিজেপি সদস্য ও কর্মীদের এগিয়ে আসার বার্তা দেন। এরপর ফের একবার সরব জেপি নাড্ডা। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবিষয়ে কীভাবে উদ্যোগ নিতে পারেন, তার একটি রূপরেখাও কয়েকদিনের মাথায় বিজেপি জানাবে বলে জানানো হয়েছে।

বিরোধীদের তোপ
এদিকে, বিরোধীদের তোপ দাগতে ছাড়ছেন না জেপি নাড্ডা। বিজেপি কর্মীদের প্রতি একটি ভার্চুয়াল সভায় তিনি বলেন, সারা দেশে টিকাকরণের প্রক্রিয়া ব্যহত করতে কংগ্রেস যারপর নাই চেষ্টা চালিয়েছে। আর এখন কংগ্রেস টিকাকরণ নিয়ে বার্তা দিচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সমস্ত মানুষ টিকা পাবেন।

৩০ মে ফোকাসে!
প্রসঙ্গত, দিল্লির তখতে মোদী সরকারের বর্ষপূর্তি রয়েছে আগামী ৩০ মে। সেই দিনটিকে উজ্জ্বল করে রাখতে তাবড় উদ্যোগের বন্দোবস্ত করছে বিজেপি। এই কয়েক বছরে মোদী সরকার তথা বিজেপি সরকার কীভাবে দেশের উন্নয়ন ঘটিয়েছে , তার খতিয়ান পেশেরও সম্ভাবনা রয়েছে সেদিন। এমন এক মাইলস্টোন পার হওয়ার দিন যখন সামনে, এবং ২০২২ সালে উত্তরপ্রদেশ , পাঞ্জাব সহ একাধিক রাজ্যের ভোট যখন আসন্ন, তখন ডেপি নাড্ডার তরফে এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications