২০১৯ ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন: বিজেপি খোয়াচ্ছে আরও একটি রাজ্য! দর্পে উড়ছে কং-জেএমএম পতাকা
৮১ আসনের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রাথমিক ট্রেন্ড সাফ বার্তা দিচ্ছে যে আরও একটি রাজ্য নির্বাচনী ময়দানেই হারতে চলছে বিজেপি। পদ্মশিবিরের দখলে থাকা ঝাড়খন্ডে নির্বাচনের গণনার শুরুতেই সকাল থেকেই এগিয়ে রয়েছে কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা। সকাল ৮ টা থেকে শুরু হওয়া গণনায় আধঘণ্টার মধ্যেই ম্যাজিক ফিগার ৪১ ছুঁয়ে ফেলার লক্ষ্যে দাপটে এগিয়ে যাচ্ছে কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোট।

প্রাথমিক ট্রেন্ড কী বলছে?
এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে , তাতে বিজেপির দখলে ঝাড়খন্ডে আপাতত ২৩ টি আসন রয়েছে। কংগ্রেস জোট প্রাথমিক ট্রেন্ডে
ছুঁয়ে ফেলেছে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার ৪১ টি আসন। ফলে আপাতত এটা পরিষ্কার যে ২০১৯ ঝাড়খন্ড নির্বাচনে কংগ্রেস জোট গড়তে চলেছে সরকার। অনান্যরা ৭ টি আসনে এগিয়ে। ফলে আরও একটি রাজ্যে আসতে চলেছে অবিজেপি সরকার।

সাম্প্রতিককালে কয়েকটি নির্বাচন ও বিজেপির পরিস্থিতি
সাম্প্রতিককালের কয়েকটি পর পর বিধানসভা নির্বাচনে নিজের পোক্ত জমি খুইয়েছে বিজেপি। তারমধ্যে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ অন্যতম উদাহরণ। মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট গড়েও শেষপর্যন্ত তখত রক্ষা করতে পারেনি ফড়নবীশ সরকার। সেখানে বিজেপিকে ছেড়েই শিবসেনা ও কংগ্রেস-এনসিপি জোট গড়ে সরকার তৈরি করেছে। এমন এক পরিস্থিতিতে ঝাড়খন্ডে বিজেপির তলিয়ে যাওয়ার প্রাথমিক ট্রেন্ড ভারতের রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক।

কোন কোন ফ্যাক্টর প্রভাব ফেলেছে বা ফেলেনি!
প্রসঙ্গত, ঝাড়খন্ড নির্বাচনের আগেই এসেছে ৯ নভেম্বরের অযোধ্যা মামলার রায়। এই রায় ঝাড়খন্ডের নির্বাচনে সেভাবে যে প্রভাব ফেলতে পারেনি তা প্রমাণ করেছে প্রাথমিক ট্রেন্ড। হিন্দুত্ব ভোট পেতে যেমন বিজেপি ব্যর্থ হয়েছে, তেমনই মনে করা হচ্ছে সাম্প্রতিক নাগরিকত্ব সংশোধনী আইনও ঝাড়খন্ড নির্বাচনে বিজেপির ভোটব্যাঙ্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে ফলে সবমিলিয়ে ঝাড়খন্ডে ভরাডুবি হয়েছে বিজেপির।

ঝাড়খন্ডে তারকা প্রার্থীদের পরিস্থিতি কেমন?
জামশেদপুর ইস্ট কেন্দ্র থেকে আপাতত বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী রঘুবর দাস এগিয়ে রয়েছেন। অন্যদিকে, কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেনও এগিয়ে রয়েছেন দুমকা কেন্দ্র থেকে। ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের সুদেশ মাহাতো ঝাড়খন্ডে সিলি কেন্দ্র থেকে এগিয়ে। অন্যদিকে ঝাড়খন্ড নির্বাচনের অন্যতম নাম বাবুলাল মারান্ডি ধানওয়ার কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। তবে শেষ হাসি কে হাসবেন তার উত্তর সময়ের কাছে তোলা।












Click it and Unblock the Notifications