এভারেস্ট থেকে মহাকাশ, সবখানেই নারীর জয়, আন্তর্জাতিক নারী দিবসে স্যালুট ভারতের ১০ পথপ্রদর্শককে
প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক অবদানকে সম্মান জানানোর জন্যেই এই দিনটি উদযাপন করা হয়। এ বছরের থিম "অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ, সকল নারী এবং মেয়েদের জন্য (Rights. Justice. Action. For All Women and Girls", যা লিঙ্গবৈষম্য দূর করে সমতার সমাজ গড়ার জন্য বার্তা দেয়।

এই বিশেষ দিনে সেইসব ভারতীয় নারীকে স্মরণ করা হয়, যারা নিজেদের সাফল্যের মাধ্যমে নতুন এক দিগন্ত খুলে দিয়েছেন।
বাচেন্দ্রী পাল (Bachendri Pal)
১৯৮৪ সালের ২৩ মে মাউন্ট এভারেস্ট জয় করে তিনি ইতিহাস গড়েন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে ওঠার কৃতিত্ব তাঁর ঝুলিতে। পরে তিনি পদ্মভূষণ সম্মানও পান।
কল্পনা চাওলা (Kalpana Chawla)
হরিয়ানার কর্নালে জন্ম নেওয়া কাল্পনা চাওলা ছিলেন মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী। নাসার মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। ২০০৩ সালে কলম্বিয়া স্পেস শাটল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
টেসি থমাস (Tessy Thomas)
'মিসাইল ওম্যান অফ ইন্ডিয়া' নামে পরিচিত এই বিজ্ঞানী ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অগ্নি-IV এবং অগ্নি-V প্রকল্পে তাঁর নেতৃত্বে সফল পরীক্ষা হয়।
কিরণ বেদি (Kiran Bedi)
১৯৭২ সালে প্রথম মহিলা হিসেবে ভারতীয় পুলিশ সার্ভিসে যোগ দিয়েছিলেন কিরণ বেদি (Kiran Bedi)। তিহার জেলে সংস্কারমূলক কাজের জন্য র্যামন ম্যাগসেসে পুরস্কারও পান তিনি।
কিরণ মজুমদার-শ (Kiran Mazumdar-Shaw)
১৯৭৮ সালে বেঙ্গালুরুতে একটি ছোট উদ্যোগ হিসেবে বায়োটেক সংস্থা বায়োকন শুরু করেন কিরণ মজুমদার-শ। আজ তাঁর প্রতিষ্ঠান বিশ্বের বহু দেশে ইনসুলিন এবং ক্যান্সারের ওষুধ সরবরাহ করে।
আনন্দী গোপাল জোশী (Anandi Gopal Joshi)
ভারতের প্রথম মহিলা চিকিৎসক হিসেবে পরিচিত আনন্দী গোপাল জোশী। ১৮৮৬ সালে আমেরিকার পেনসিলভেনিয়ার উইমেন্স মেডিক্যাল কলেজ (Woman's Medical College of Pennsylvania) থেকে তিনি পাশ করেন।
শালিজা ধামি (Shaliza Dhami)
২০২৩ সালে ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা অফিসার হিসেবে একটি ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের নেতৃত্ব দিয়েছিলেন গ্রুপ ক্যাপ্টেন শালিজা ধামি।
মেরি কম (Mary Kom)
ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম অলিম্পিকে পদক জিতে ভারতের ক্রীড়াক্ষেত্রে নতুন ইতিহাস গড়েছিলেন।
সুস্মিতা সেন (Sushmita Sen)
১৯৯৪ সালে মিস ইউনিভার্স জিতে সুস্মিতা সেন প্রথম ভারতীয় নারী হিসেবে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় দেশকে গর্বিত করেন।
সাইনা নেহওয়াল (Saina Nehwal)
২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ব্যাডমিন্টনে ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী হন সাইনা নেহওয়াল। ২০১৫ সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানেও পৌঁছেছিলেন তিনি।
এই সকল নারী তাঁদের সাফল্য এবং সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছেন যে, নারীরা সুযোগ পেলে নতুন ইতিহাস তৈরি করতে পারেন।












Click it and Unblock the Notifications