পাটনা বিস্ফোরণে ইন্ডিয়ান মুজাহিদিন-এরই হাত রয়েছে : কেন্দ্রীয় গোয়েন্দা

পুলিশ সূত্রের খবর, রবিবার সকালে পাটনা স্টেশনে বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে ইমতিয়াজ আনসারি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। আরও ৪ জনকে আটকও করা হয়েছে। ইমতিয়াজ ইয়াসিন ভটকলের ঘনিষ্ঠ বলে জানিয়েছে পুলিশ। পটনা স্টেশনে বিস্ফোরণের পর ইমতিয়াজকে গ্রেফতার করে পুলিশ৷ ইমতিয়াজ পুলিশকে জানায় ইন্ডিয়ান মুজাহিদিনই পাটনা বিস্ফোরণের পিছনে রয়েছে। মুজাফ্ফরনগরের দাঙ্গার প্রতিশোধ নিতেই এই হামলা বলেও পুলিশকে জানিয়েছে সে। ভটকলের ডান হাত তাসিন আখতারও এই বিস্ফোরণ ঘটনায় সন্দেহের তালিকায় রয়েছে বলে গোয়েন্দাসূত্রের খবর।
এ বছরেরই ৭ জুলাই বুদ্ধগয়া মহাবিহারে পরপর বিস্ফোরণে ২ বৌদ্ধ সন্ন্যাসী-সহ ৫ জন জখম হয়েছিলেন। ওই হামলাতেও ‘ইন্ডিয়ান মুজাহিদিন'-এর নাম সামনে এসেছিল। বুদ্ধগয়ায় পরপর বিস্ফোরণের পর, ২৯ অগস্ট বিহারের নেপাল-সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই ভটকলকে। পুলিশের বক্তব্য, দ্বারভাঙা জেলায় তার সংগঠনের জাল ছড়িয়েছিল ইয়াসিন ভটকল। এখনও তারা সক্রিয়। কম তীব্রতার বিস্ফোরক ব্যবহার করাটা ইন্ডিয়ান মুজাহিদিন-এরই ধরণ। সেই কারণেই প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় উঠে এসেছিল এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর নাম।
রবিবার ইমতিয়াজকে জেরা করে গান্ধী ময়দানে বিস্ফোরক রাখার কথা জানতে পারা যায়৷ রাঁচিতে ইমতিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও একটি প্রেসার কুকার বোমা উদ্ধার করেছে পুলিশ৷ ইমতিয়াজকে জেরা করেই বাকি ২ জনকে গ্রেফতার করে পুলিশ৷ রবিবার সকালে গাঁধী ময়দানে বিস্ফোরক রাখার জন্য বেশ কয়েকজন যুবককে কাজে লাগানো হয়েছে বলে পুলিশের জেরায় জানিয়েছে ইমতিয়াজ৷ পুলিশের সন্দেহ পটনা স্টেশনে বিস্ফোরণে মৃত ওই ব্যক্তিও ঘটনায় জড়িত৷ বিস্ফোরক রাখতে গিয়েই তার মৃত্যু হয় বলে অনুমান পুলিশের৷
অন্যদিকে ইমতিয়াজকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে এ দিন রাতেই রাঁচির কিশোরগঞ্জ এলাকার ভুঁইয়াটোলিতে তল্লাশি চালায় পুলিশ। রাঁচির এইচইসি এলাকা থেকে দু'জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রশাসনিক সূত্রের খবর, বিস্ফোরণের পরপরই মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তদন্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ফোনে খবরাখবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্দে। এদিন মোদীর সভাস্থলে ধারাবাহিক এই বিস্ফোরণের কারণে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, ছমাস আগে থেকে এই সভার কথা জানত তার পরেও এই বিস্ফোরণ নীতিশ সরকারের পুলিশের ব্যর্থতাই প্রমান করে।












Click it and Unblock the Notifications