কবে থেকে খুলবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের
কবে থেকে খুলবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ চার মাস ধরে বন্ধ রয়েছে সিনেমা হল মাল্টিপ্লেক্স। ঘরবন্দি মানুষের বিনোদনেও লকডাউনের কোপ। করোনা সংক্রমণ যখন বাড়তে শুরু করেছে ঠিক সেই সময় সিনেমা হল খোলার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব। ১ অগাস্ট থেকে সিনেমা হল খোলার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি
করোনা থাবায় দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশের সব সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স। ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে কয়েকটি ছবি। যার জেরে থমকে রয়েছে বলিউডের একাধিক বিগ বাজেটের ছবি মুক্তি। বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সের কর্মীদের। পরিস্থিতি নিয়ে সিআইআই মিডিয়া কমিটির সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অমিত খারে। তারপরেই সিনেমা হল খোলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব।

কবে থেকে খুলবে সিনেমা হল
স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়া চিঠিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে ১ অগাস্ট থেকে দেশে সিনেমা হলগুলি খোলার অনুমতি দেওয়া হোক। তা না হলে অন্তত ৩১ অগাস্টের মধ্যে সিনেমা হল খোলার অনুমতি দিক কেন্দ্র। নইলে বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশের সিনেমা এবং চলচ্চিত্র জগতকে।

সুরক্ষা বিধি নিয়ে পরামর্শ
সিনেমা হল খোলা হলে কী সুরক্ষা বিধি মেনে চলা হবে তাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। তাতে লেখা হয়েছে একটি করে আসন ফাঁকা রেখে টিকিট দেওয়া হবে। তাতে সামাজিক দূরত্ব বজায় থাকবে দর্শকদের মধ্যে। দুটি রোয়ের মধ্যেও আসন ফাঁকা রেখে সিট দেওয়া হবে। দুটি রোয়ের মধ্যে প্রথম রো এবং দ্বিতীয় রোয়ের ২টি করে আসন ফাঁকা রাখা হবে। প্রাথমিক পর্যায়ে ২ মিটার দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে দর্শকআসনের ক্ষেত্রে।

সংক্রমণের আশঙ্কা
সিনেমা হল খোলা নিয়ে এখনও গ্রিন সিগনাল দিতে পারছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেশে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। মাত্র ২ দিনে এক লাখের বেশি করোনা সংক্রমণ হয়েছে দেশে। ১২ লাখ থেকে ২ দিনে ১৩ লাখ অতিক্রম করেছে করোনা সংক্রমণ।












Click it and Unblock the Notifications