বিনাসুদে কৃষক ঋণ পেলেও, তা মকুবের কথা উল্লেখ নেই বিজেপির নির্বাচনী ইস্তেহারে
২১ অক্টোবর মহারাষ্ট্রের পাশাপাশি বিধানসভা নির্বাচন হতে চলেছে হরিয়ানাতেও। নির্বাচনী প্রচার তাই তুঙ্গে। জনগণের মন জয় করতে ময়দানে নেমেই বিজেপি জানিয়ে দিয়েছে যে তপশিলি জাতির কল্যাণে ৩ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়া হবে। এছাড়া কৃষকদেরও বিনাসুদে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তবে তা মকুব করার কথা একবারও বলা হয়নি বিজেপির নির্বাচনী ইস্তেহারে। রবিবার হরিয়ানা বিজেপির পক্ষ থেকে প্রকাশিত ইস্তেহার নিয়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়ে গিয়েছে।

'মারা স্বপ্নো কা হরিয়ানা (আমার স্বপ্নের হরিয়ানা)’ নামের এই ইস্তেহারে স্পষ্ট করে বলা হয়েছে, যে কোনও কাজের জন্যই কৃষক ঋণ নিতে পারেন। তবে সেই ঋণ মকুব হবে কিনা তা নিয়ে কিছু বলা নেই সেখানে। প্রসঙ্গত, দেশের কৃষক সম্প্রদায়ের মধ্যে অধিকাংশ কৃষকই আত্মহত্যার পথ বেছে নেন এই ঋণের বোঝা শোধ করতে না পেরে। যার ফলে দেশজুড়ে বৃহত্তর কৃষক আন্দোলনও হয়েছে। কিন্তু তাতেও টনক নড়েনি বর্তমান বিজেপি সরকারের। এর আগে কংগ্রেস শেষ তিন বিধানসভায় জয়লাভ করে কৃষকদের ঋণ মকুবের কথা ঘোষণা করেছিল। অথচ বিজেপি ঋণ মকুবের বিষয়টা স্পষ্ট না করেই বরং কেন্দ্র থেকে আরও সাহায্যের কথা ইস্তেহারে জানিয়েছে। এ প্রসঙ্গে যদিও বিজেপির কথায় কংগ্রেসের প্রতিশ্রুতি ছিল অবাস্তব। তাদের সংকল্প পত্র বরং অনেক বাস্তবধর্মী। সম্ভব করা যায় এমন প্রতিশ্রুতি রয়েছে এখানে।
রবিবার বিজেপির ইস্তেহার প্রকাশের দু’দিন আগেই কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। যেখানে কৃষকদের ঋণ মকুব, বেকারত্ব, প্রবীণ নাগরিকদের জন্য ৫,১০০ টাকা পেনশন, সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ সহ বিভিন্ন প্রতিশ্রুতির কথা উল্লেখ রয়েছে। যেখানে বিজেপি বেকারত্ব ঘোচানোর জন্য কোনও পরিকল্পনার কথাই বলেনি। কংগ্রেসের এই ইস্তেহার নিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, 'কংগ্রেস ইস্তেহার অনুযায়ী দলের চাই ১.২৬ লক্ষ কোটি টাকা। যা পাঁচ বছরে জোগাড় করা কংগ্রেসের পক্ষে অসম্ভব। জনতা কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি ধরে ফেলেছিল বলে লোকসভা নির্বাচনে তাদের জয়ী করেনি।’ রবিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিজেপির কার্যকরি সভাপতি জেপি নাড্ডা প্রকাশ করেন বিজেপির ইস্তেহার। সেটি হাতে নিয়ে খট্টর বলেছেন রাম রাজ্য তৈরির লক্ষ্যেই এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে।












Click it and Unblock the Notifications