ভারত মণ্ডপমে এআইয়ের মহাসম্মেলন, বিশ্বনেতাদের উপস্থিতিতে উদ্বোধন করবেন মোদী
জাতীয় রাজধানীর আইকনিক ভেন্যু ভারত মন্ডাপমে আজ বৃহস্পতিবার বসতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বের অন্যতম বড় মঞ্চ। সেখানেই 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬'এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৯টা ৪০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ও প্রায় ১০টা ২৫ মিনিটে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ রাখবেন।
উদ্বোধনী মঞ্চে প্রধানমন্ত্রীর পাশাপাশি বক্তব্য রাখবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রন ও রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। বিশ্বের বিভিন্ন প্রান্তের শীর্ষ শিল্পপতি ও প্রযুক্তি নেতৃত্বও এই অনুষ্ঠানে অংশ নেবেন। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ভারত মণ্ডপমে আগত বিশ্বনেতাদের স্বাগত জানিয়ে একটি 'ফ্যামিলি ফটো' তোলার কথাও রয়েছে।

উদ্বোধনী পর্বের পর সকাল ১১টা নাগাদ প্রধানমন্ত্রী অন্যান্য আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো' ঘুরে দেখবেন। বিভিন্ন দেশের প্যাভিলিয়নে তুলে ধরা হবে অত্যাধুনিক এআই উদ্ভাবন ও প্রযুক্তিগত সাফল্য।
দুপুরে অনুষ্ঠিত হবে 'লিডার্স প্লেনারি' যেখানে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী ও বহুপাক্ষিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা একত্রিত হয়ে এআই কে ঘিরে জাতীয় ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন। শাসন কাঠামো, অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা এই তিনটি ক্ষেত্রেই গুরুত্ব পাবে নীতি নির্ধারণের দিকনির্দেশ।
সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে শুরু হবে সিইও রাউন্ডটেবিল বৈঠক। বিশ্ব প্রযুক্তি ও শিল্পক্ষেত্রের শীর্ষ কর্তা ও সরকারি নেতৃত্ব একসঙ্গে বসে বিনিয়োগ সম্ভাবনা, গবেষণা সহযোগিতা, সরবরাহ শৃঙ্খল ও বৃহৎ পরিসরে এআই প্রয়োগ নিয়ে আলোচনা করবেন।
এবারের সামিটের মূল প্রতিপাদ্য 'সর্বজন হিতায়, সর্বজন সুখায়'। লক্ষ্য একটাই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মানবকল্যাণ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করা। 'পিপল, প্ল্যানেট, পোগ্রেস' এই তিন স্তম্ভকে সামনে রেখে গঠিত সাতটি কর্মগোষ্ঠী অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে সামাজিক কল্যাণ, এআই সম্পদের গণতন্ত্রীকরণ, নিরাপদ ও নির্ভরযোগ্য এআই, মানবসম্পদ উন্নয়ন, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবন সহ নানা ক্ষেত্রে কার্যকর ফলাফল উপস্থাপনের রূপরেখা তৈরি করবে।
এই আন্তর্জাতিক সম্মেলনে ৫০০ এর বেশি বৈশ্বিক এআই নেতা অংশ নেবেন। থাকছেন প্রায় ১০০ জন সিইও ও প্রতিষ্ঠাতা, ১৫০ জন শিক্ষাবিদ ও গবেষক ও ৪০০ এর বেশি সিটিও, ভাইস প্রেসিডেন্ট ও সমাজসেবী ব্যক্তিত্ব। পাশাপাশি ১০০ এর বেশি সরকারি প্রতিনিধি যাদের মধ্যে ২০ এর বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান ও প্রায় ৬০ জন মন্ত্রী ও উপমন্ত্রী উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নির্মাণে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করতেই এই মহাসম্মেলনের আয়োজন।












Click it and Unblock the Notifications