অবশেষে সমাপ্তি ট্রায়াল পর্বে, পুরো দস্তুর টিকাকরণের ছাড়পত্র পেল কোভ্যাক্সিন
অবশেষে সমাপ্তি ট্রায়াল পর্বে, পুরো দস্তুর টিকাকরণের ছাড়পত্র পেল কোভ্যাক্সিন
দেশজুড়ে চালু হয়েছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ। কর্মসূচিকালীন ব্যস্ততার মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের কাছে বারংবার অভিযোগ এসেছে টিকার মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার 'কোভিশিল্ড'-কে ঘিরে দানা বেঁধেছে অসন্তোষ। এহেন পরিস্থিতির মাঝেই শুধুমাত্র ট্রায়ালের গন্ডি পেরিয়ে টিকাকরণে ব্যবহৃত হওয়ার ছাড়পত্র পেয়ে গেল ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন'।

হাতে এল কেন্দ্রীয় ড্রাগ মানোন্নয়ন বিভাগের ছাড়পত্র
কেন্দ্রীয় ড্রাগ মানোন্নয়ন বিভাগের বিশেষ বিশেষজ্ঞ দল ওরফে এসইসি কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিয়েছে বলে খবর কেন্দ্রীয় সূত্রে। ইতিপূর্বে শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রেই কোভ্যাক্সিন-এর ব্যবহার সীমিত থাকলেও ছাড়পত্র পাওয়ার দরুণ পুরো দস্তুর টিকাকরণ কর্মসূচিতেও যে ভারত বায়োটেকের ডোজ দেখা যাবে, সে বিষয়ে স্পষ্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা।

কোভ্যাক্সিনের সফলতার হার ৮১%
ভারতের নিজস্ব পদ্ধতিতে প্ৰস্তুত একমাত্র উল্লেখযোগ্য কোভিড প্রতিষেধক হল ভারত বায়োটেকের 'কোভ্যাক্সিন'। সূত্রের খবর, সম্প্রতি তৃতীয় পর্যায়ের ট্রায়ালে কোভ্যাক্সিনের সফলতার হার ছুঁয়েছে প্রায় ৮১%। আর এরপরেই যে কেন্দ্রীয় কমিটি 'মেক-ইন-ইন্ডিয়া'-র ভ্যাকসিনকে ছাড়পত্র দেবে, তা বলাই বাহুল্য!

কোভ্যাক্সিন-এর থেকে কতটা এগিয়ে কোভিশিল্ড!
গত ৩রা মার্চ কোভ্যাক্সিন-এর তৃতীয় পর্যায়ের ফলাফল তড়িঘড়ি প্রকাশ করে ভারত বায়োটেক। আর তারপর থেকেই ভারত বায়োটেককে জরুরিভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র দিতে আদাজল খেয়ে মাঠে নামে আধিকারিকরা, স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর এমনটাই। যদিও টিকাকরণের ক্ষেত্রে অক্সফোর্ডের 'কোভিশিল্ড' যে অনেকটাই এগিয়ে 'কোভ্যাক্সিন'-এর থেকে, তা স্বীকার করে নিচ্ছেন চিকিৎসকরাই।

ভারতের বৃহত্তম ভ্যাকসিন ট্রায়াল শেষ করল ভারত বায়োটেক
কেন্দ্রীয় সূত্রে খবর, আইসিএমআরের সহযোগিতায় ২৫,৮০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে দেশের বৃহত্তম ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করেছে ভারত বায়োটেক। ভারত বায়োটেকের বিবৃতি অনুযায়ী, "দ্বিতীয় ডোজ দেওয়ার পরে প্রাথমিক ফলাফল অনুযায়ী কোভ্যাক্সিনের সফলতার হার প্রায় ৮১%।" পাশাপাশি কোভ্যাক্সিন যে দেহে উন্নতমানের প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, সে বিষয়েও জানায় ভারত বায়োটেক।












Click it and Unblock the Notifications