দিল্লির এইমস হাসপাতালে জাল চিকিৎসক গ্রেফতার
দিল্লির বিখ্যাত এইমস হাসপাতালে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
দিল্লির বিখ্যাত এইমস হাসপাতালে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, সে কোনও বৈধ ডিগ্রি ছাড়াই হাসপাতালে চিকিৎসকের কাজ চালিয়ে যাচ্ছিল। ধৃতের নাম আশিস ত্রিপাঠী। সে গাজিয়াবাদের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

জানা গিয়েছে, হাসপাতালের ভিতরে সাদা কোট পরে আশিস ঘুরে বেড়াত। সোমবার হাসপাতালের নিরাপত্তারক্ষীরাই তাকে ধরে ফেলে। নিজেকে সিনিয়র রেসিডেন্ট ডাক্তার হিসাবে পরিচয় দেয় সে। যদিও নিজের পরিচয়পত্র দেখাতে পারেনি আশিস।
তারপরই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তুলে নিয়ে যায় জাল চিকিৎসক আশিসকে। দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার রোমিল বানিয়া জানিয়েছেন, ধৃতের দাবি, তার স্ত্রী এইমসে ভর্তি রয়েছেন। তাকে দেখতে সহজে হাসপাতালে ঢোকার জন্য গায়ে সাদা কোট চাপিয়ে নিয়েছিল সে। যদিও তাতে চিড়ে ভেজেনি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আশিস এইমস হাসপাতালে রোগীদের ট্রেনিং দিত। ডায়ালিসিসের রোগীদের সে ট্রেনিং দিত। জেরায় জানিয়েছে তার অপারেশন থিয়েটারে ডিপ্লোমা ও লখনৌয়ের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ডিগ্রিও রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে।
এইমসের মতো স্বনামধন্য হাসপাতালেই যদি জাল চিকিৎসক ঘোরাফেরা করে তাহলে ছোট শহরের ছোট হাসপাতালে কি অবস্থা তা কল্পনা করা যেতে পারে।












Click it and Unblock the Notifications