Air India: গাফিলতির অভিযোগে এয়ার ইন্ডিয়ার তিন আধিকারিককে অপসারণের নির্দেশ ডিজিসিএ-র
আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পরবর্তীতে ডিজিসিএ এয়ার ইন্ডিয়ার তিনজন গুরুত্বপূর্ণ আধিকারিককে ক্রু শিডিউলিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছে। এই আধিকারিকেরা হলেন চূড়া সিং (ডিভিশনাল ভাইস প্রেসিডেন্ট), পিঙ্কি মিত্তল (চিফ ম্যানেজার - ডিওপিএস, ক্রু শিডিউলিং), এবং পায়েল অরোরা (ক্রু শিডিউলিং - প্ল্যানিং)।
ডিজিসিএ-এর নির্দেশ অনুযায়ী, এই আধিকারিকেরা একাধিক গাফিলতির সঙ্গে জড়িত ছিলেন। যার মধ্যে রয়েছে অনুমোদন বিহীন এবং নিয়ম-বহির্ভূত ক্রু পেয়ারিং, লাইসেন্সিং এবং ক্রু বিশ্রাম সংক্রান্ত নিয়ম লঙ্ঘন, এবং তত্ত্বাবধানে পদ্ধতিগত ব্যর্থতা।

এই নির্দেশ এসেছে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের পরই ভেঙে পড়ার পর। কারণ সেই দুর্ঘটনায় সবমিলিয়ে প্রায় তিনশোর কাছাকাছি মানুষের প্রাণ গিয়েছে।
ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে অবিলম্বে এই আধিকারিকদের তাঁদের বর্তমান পদ ও কাজ থেকে সরিয়ে দিতে বলেছে। এছাড়াও এয়ার ইন্ডিয়াকে তাঁদের বিরুদ্ধে অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়ার এবং দশ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই আধিকারিকদের নন-অপারেশনাল ভূমিকায় নিযুক্ত করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট সুরক্ষা এবং ক্রু সম্মতির উপর সরাসরি প্রভাব ফেলে এমন কোনও পদে রাখা যাবে না।
ডিজিসিএ সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার আধিকারিককে শোকজ নোটিস পাঠানো হয়েছে। কারণ, স্পট চেকিংয়ে দেখা গিয়েছে যে ১৬ এবং ১৭ মে, ২০২৫ তারিখে দুটি বেঙ্গালুরু-লন্ডন বিমান (এআই-১৩৩) এর ক্ষেত্রে নিয়মে গোলমাল হয়েছে। দেখা গিয়েছে, বেঙ্গালুরু থেকে লন্ডন (এআইl-১৩৩) পর্যন্ত দুটি বিমান পরিচালিত হয়েছিল, যা ১০ ঘণ্টার ফ্লাইট টাইম লিমিট অতিক্রম করেছে। এই লঙ্ঘনের জন্য কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ ব্যাখ্যার জন্য ওই আধিকারিককে সাত দিন সময় দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications