৪০ হাজার কোটির কেন্দ্রীয় তহবিল বাঁচাতে ফড়নবিশ 'নাটক'! বিজেপি সাংসদের মন্তব্যে চাঞ্চল্য
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের মন্তব্যে চাঞ্চল্য।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের মন্তব্যে চাঞ্চল্য। তিনি দাবি করেছেন, ৪০ হাজার কোটির কেন্দ্রীয় তহবিল বাঁচাতেই দলের সহকর্মী দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করার নাটক করা হয়েছিল। মহারাষ্ট্রে বিজেপির সরকার গঠনের চেষ্টাকে নাটক বলেও অভিহিত করেছেন তিনি।

ফড়নবিশকে মুখ্যমন্ত্রী করাটা 'নাটক'
হেগড়ে বলেছেন, সম্প্রতি মহারাষ্ট্রে ৮০ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কেন এই নাটকটি তাদের করতে হয়েছিল, প্রশ্ন করে উত্তর দিয়েছেন নিজেই। তাদের সঙ্গে যে সংখ্যাগরিষ্ঠতা নেই, তা জানা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রী করা হল? এই সাধারণ প্রশ্নই করছেন অনেকে।

৪০ হাজার কোটি রক্ষায় মুখ্যমন্ত্রী পদে শপথ
সম্প্রতি উত্তরা কান্নাডা জেলায় ইয়ালাপুরের উপনির্বাচনে ভাষণ দিচ্ছিলেন কর্নাটকের এই বিজেপি নেতা। তিনি বলেছেন, প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি মুখ্যমন্ত্রীর অধীনে ছিল। যদি এনসিপি, কংগ্রেস এবং শিবসেনা তখনই ক্ষমতায় চলে যেত তাহলে ৪০ হাজার কোটি টাকা উন্নয়নমূলক কাজে খরচ হত না। ওই টাকা নষ্ট করা হত। বলেছেন অনন্তকুমার হেগড়ে।

১৫ ঘন্টাতেই সুরক্ষিত অর্থ
অনন্ত কুমার দাবি করেন, ফড়নবিশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ১৫ ঘন্টার মধ্যেই পদ্ধতিগতভাবে নিশ্চিত করেছিলেন অর্থ নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে এবং সুরক্ষিত রয়েছে।

বিতর্কিত মন্তব্যে অভ্যস্ত অনন্তকুমার হেগড়ে
বরাবরই বিতর্কিত মন্তব্যে অভ্যস্ত অনন্তকুমার হেগড়ে। এবার দলেরই সহকর্মীর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে মন্তব্য করে বসলেন তিনি। যা নিয়ে নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
২৩ নভেম্বর শনিবার সকালে ফড়নবিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ নেন। কিন্তু তিনদিন পরেই আস্থা ভোটের আগেই মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন ফড়নবিশ। তিনি বলেন, অজিত পাওয়ার পদত্যাগ করায় তাদের সঙ্গে সমর্থনকারী পর্যাপ্ত বিধায়ক নেই। এরপর ২৮ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন উদ্ধব ঠাকরে।












Click it and Unblock the Notifications