শ্রীনগরে বড় সাফল্য সিআরপিএফ-পুলিশের, খতম পাকিস্তানি জঙ্গি সহ ২ লস্কর সদস্য
কাশ্মীরের শ্রীনগরে এক অভিযানে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। আজ সকালে শ্রীনগরের রামবাঘ এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্য়ে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে খতম করা হয় লস্কর ই তৈবা জঙ্গি সইফুল্লাকে। সে একজন পাকিস্তানি। এছাড়া স্থানীয় এক জঙ্গিকেও নিকেশ করা হয়েছে।

সিআরপিএফ ও পুলিশের যৌথবাহিনী অপারেশন
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, সিআরপিএফ ও পুলিশের যৌথবাহিনী অপারেশন চালায়। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় যৌথবাহিনী। সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই শ্রীনগরে জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন দুই সিআরপিএফ জওয়ান। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জওয়ান।

একই জায়গায় নিরাপত্তাবাহিনীর উপর তৃতীয়বার হামলা
৫ অক্টোবর শ্রীনগরের কাছে জাতীয় সড়কে টহল দিচ্ছিলেন জওয়ানরা। সেই সময় তাদের উপর হামলা চালায় জঙ্গিরা। জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। পুলিশের অনুমান, জঙ্গিরা সীমান্ত এলাকা থেকে এসেছিল। তল্লাশি অভিযান চলছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে এই নিয়ে তৃতীয়বার একই জায়গায় নিরাপত্তাবাহিনীর উপর হামলার ঘটনা ঘটল।

শনিবার উপত্যকা জুড়ে ৪ জন জঙ্গিকে খতম করে সেনা
এদিকে গত সপ্তাহের শনিবারও উপত্যকা জুড়ে ৪ জন জঙ্গিকে খতম করেছিল সেনা। সেদিন দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার দাদুরা এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি৷ সেদিন সকালেই কুলগামে এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি। তাছাড়া সেদিন পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে সীমান্তের এপারে অস্ত্র পাচার করার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু জওয়ানদের তৎপরতায় এই অস্ত্র পাঠানোর পরিকল্পনা বানচাল করা সম্ভব হয়েছে।












Click it and Unblock the Notifications