Chhattishgarh New CM: ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী ঠিক করে ফেলল বিজেপি! বিধায়কদের বৈঠকে সিদ্ধান্ত
Chhattishgarh New CM: ছত্তিশগড়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিষ্ণুদেও সাই। বিজেপি বিধায়ক দলের বৈঠকে এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি রয়েছে। এদিন রাজ্য বিজেপির দফতরে বিধায়কদলের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তিন পর্যবেক্ষক-সহ দলের সিনিয়র নেতারা।
এর আগে পর্যবেক্ষকরা প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং এবং দলের সংগঠনের সাধারণ সম্পাদক পবন সাইয়ের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি বিধায়কদের সঙ্গে আলোচনা করেন, পর্যবেক্ষক অর্জুন মুন্ডা এবং দুষ্যন্ত গৌতম এবং সর্বানন্দ সোনোয়াল। এই বৈঠকের পরেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে বিষ্ণুদেব সাইকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি কোনও মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা না করেই প্রতিদ্বন্দ্বিতা করে। তারা ৯০ টি আসনের মধ্যে ৫৪ টি আসনে জয় পায়। বিষ্ণু দেও সাই ৮৭, ৬০৪ ভোট পেয়ে এবার জয়ী হয়েছেন। তিনি রাজ্যের প্রাক্তন বিজেপি প্রধান এবং গেরুয়া শিবিরের উপজাতি মুখ।
বিষ্ণু দেও সাই ১৬ তম লোকসভায় রায়গড় আসন থেকে জয়ী হয়ে মোদী মন্ত্রিসভায় ইস্পাত প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ২০২০ থেকে ২০২২ পর্যন্ত ছত্তিশগড় বিজেপির প্রধান ছিলেন। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যম ন্ত্রী রমন সিংয়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত। তিনি বিজেপির জাতীয় ওয়ার্কিং কমিটির সদস্যও ছিলেন।
বিষ্ণু দেও সাই ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে রায়গড় থেকে পরপর চারবার জয়ী হন। তার আগে তিনি অবিভক্ত মধ্যপ্রদেশের তাপকরা কেন্দ্র থেকে ১৯৯০ এবং ১৯৯৩ সালে পরপর দুটি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন।
১৯৬৪ সালের ২১ ফেব্রুয়ারিতে বিষ্ণু দেও সাইয়ের জন্ম। তিনি যশপুর জেলার বাগিয়ে গ্রামের কৃষক পরিবার থেকে এসেছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া রেকর্ড অনুযায়ী, বিষ্ণু দেও সাই উচ্চমাধ্যমিক পড়েছেন যশপুরের কুঙ্কুরির লয়োলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে।












Click it and Unblock the Notifications