কেন্দ্রের সিদ্ধান্তে বাবা রামদেব পাবেন, ইউপিএ নেতারা খোয়ালেন "জেড নিরাপত্তা"!

সূত্রের খবর অনুযায়ী, রামদেবের জীবন অসুরক্ষিত, তাঁর নামে হুমকি এসেছে, গোয়েন্দা দফতরের কাছ থেকে এমন তথ্য পাওয়ার পরই স্বরাষ্ট্রমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য এতদিন পর্যন্ত উত্তরাখণ্ড সরকারের সিদ্ধান্তমতো শুধুমাত্র ওই রাজ্যেই জেড নিরাপত্তা পেতেন রামদেব।
রামদেবকে জেড নিরাপত্তা দেওয়ার পাশাপাশি বেশ কিছু কংগ্রেস নেতার জেড সুরক্ষা বাতিল করেছে কেন্দ্র। যেমন শচীন পাইলট, বেণীপ্রসাদ বর্মা এবং জিতিন প্রসাদ প্রমুখ যাঁরা প্রাক্তন ইউপিএ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, জেড নিরাপত্তা পাওয়ায় এবার থেকে রামদেব ২২ জন সশস্ত্র বাহিনী এবং একটি এসকর্ট গাড়ি পাবেন।
রাজনৈতিক মঞ্চে বাবা রামদেব যে একটু গেরুয়া ঘেঁষা তা কারও অজানা নয়। এমনকী লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সম্প্রতি নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী সরকারি বাংলোয় গিয়ে দেখা করেছিলেন বাবা রামদেব। যদিও এই সাক্ষাৎকে দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা বলেই ব্যাখ্যা করেছিলেন রামদেব, তবু এই সাক্ষাৎ বহু জল্পনার জন্ম দিয়েছিল।












Click it and Unblock the Notifications