করোনা আবহে ২.৩৬ লক্ষ কোটি অতিরিক্ত ব্যয়! সংসদের কাছে অনুমোদন চাইল কেন্দ্রীয় অর্থমন্ত্রক
করোনা আবহে ধস নেমেছে অর্থনীতিতে। এই আবহে অতিরিক্ত ২.৩৬ লক্ষ কোটি টাকা ব্যয় (টোটাল অ্যাডিশনাল গ্রস এক্সপেন্ডিচার) করতে চেয়ে সংসদের অনুমোদন চাইলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই অর্থের মধ্যে ৬৮ হাজার ৮৬৮ কোটি টাকা স্বল্প-ব্যবহৃত তহবিল সহ মন্ত্রক পুনঃনির্ধারণের ক্ষেত্রে খরচ করা হবে বলে জানানো হয়েছে।

শহরেও শুরু হবে মনরেগা
এদিকে করোনা আবহে এবার শহরেও শুরু হবে মনরেগা। এই খাতে খরচের জন্যে অতিরিক্ত ব্যয় বাবদ চাওয়া হয়েছে বিপুল অর্থ। মনরেগার পরিধি বাড়ানোর জন্যে অতিরিক্ত তহবিলের অনুমোদন চাওয়া হয় এদিন। শহরাঞ্চলেও ছড়িয়ে দেওয়া হতে পারে মনরেগা। এর জন্য প্রাথমিক ভাবে ৩৫ হাজার কোটি টাকা খরচ ধরা হয়েছে৷ প্রাথমিক ভাবে এই প্রকল্পের জন্য ছোট শহরগুলিকে বেছে নেওয়া হচ্ছে কারণ বড় শহরগুলিতে যে কোনও প্রকল্পের জন্য অনেক বেশি পেশাদারি দক্ষতার প্রয়োজন হয়৷

করোনা সংক্রমণকালে কর্মসংস্থান বৃদ্ধির চ্যালেঞ্জ
করোনা সংক্রমণের এই সময় সেই মনরেগা প্রকল্পেই বড় পরিমাণের অর্থ বরাদ্দের ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রী ঘোষণা করে জানিয়েছিলেন, আরও কর্মসংস্থানের জন্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটির বরাদ্দ করা হচ্ছে।

লকডাউনের ফলে গ্রামীণ অর্থনীতির চাকা থমকে গিয়েছিল
প্রসঙ্গত, করোনা আবহে পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ গ্রামে ফিরে গেলে তাদের কর্মসংস্থানের লক্ষ্যেই মরেগাকে কাজে লাগিয়েছিল কেন্দ্র। লকডাউনের ফলে গ্রামীণ অর্থনীতির চাকা যেন থমকে না যায়, সে জন্য গত ২০ এপ্রিল থেকে মনরেগা প্রকল্প চালু করার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার।

অতিরিক্ত ব্যয় বাবদ আর কোন সব খাতে খরচা?
এছাড়া অতিরিক্ত ব্যয় বাবদ উক্ত তহবিলের ৪৬ হাজার ৬০২ কোটি টাকা রাজ্যগুলিকে দান করা হয়েছে করোনা আবহে। তাছাড়া ৩৩ হাজার ৭৭১ কোটি টাকা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের ক্ষেত্রে ঘাটতি বাবদ খরছ হয়েছে। যার মধ্যে যনধন যোজনাও সামিল।

অতিরিক্ত খরচ কেন?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যখন চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছিলেন, তখন দেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়নি। সেই অনুপাতেই বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী। তবে সেই বাজেট পেশের পর এই ছয় মাসে দেশে ক্রমেই বেড়েছে করোনার প্রকোপ। যার জেরে দেশজুড়ে চলেছে লকডাউন। বন্ধ ছিল প্রায় সব ধরনের বাণিজ্য। তাই নতুন করে এই অতিরিক্ত খরচ হয়েছে কেন্দ্রের।












Click it and Unblock the Notifications