'ক্ষয়ক্ষতি নয়, ফলাফলই আসল', অপারেশন সিঁদুর নিয়ে ফের স্টেপ আউট সিডিএস চৌহানের
"অপারেশন সিঁদুর"-এ ভারতের ক্ষয়ক্ষতি নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ফের মুখ খুললেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার পুনে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানান, অভিযানে কতটুকু ক্ষতি হয়েছে তা জরুরি নয়, বরং তার ফলাফলই আসল।
সম্প্রতি সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে "অপারেশন সিঁদুর"-এ ভারতের ক্ষয়ক্ষতি স্বীকার করার পর বিরোধীদের সমালোচনার মুখে পড়েন জেনারেল চৌহান। এরপরই তিনি পুনের সাবিত্রীবাঈ ফুলে বিশ্ববিদ্যালয়ে 'ভবিষ্যতের যুদ্ধ এবং যুদ্ধকৌশল' বিষয়ে বক্তৃতা দিতে গিয়ে নিজের অবস্থান ফের একবার স্পষ্ট করলেন।

তিনি বলেন, "যখন আমাকে আমাদের পক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম এগুলি গুরুত্বপূর্ণ নয়। ফলাফল এবং আপনি কীভাবে কাজ করেন তা গুরুত্বপূর্ণ। ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলা খুব একটা ঠিক হবে না।" ক্রিকেটের উদাহরণ টেনে তিনি বোঝান যে, একটি টেস্ট ম্যাচ যদি ইনিংসের ব্যবধানে জেতা যায়, তবে ক'টি উইকেট পড়েছে বা ক'টি বল হয়েছে, তার হিসাব গৌণ। তিনি আরও জানান, "আমরা কয়টি বিমান ধ্বংস করেছি এবং কয়টি রাডার ধ্বংস করেছি, তার একটি মোটামুটি মূল্যায়ন করে শীঘ্রই তা প্রকাশ করব।"
জেনারেল অনিল চৌহান আরও উল্লেখ করেন যে, "অপারেশন সিঁদুর" মাত্র ৮ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গিয়েছিল। যার পরে পাকিস্তান যুদ্ধবিরতির জন্য ফোন করতে বাধ্য হয়েছিল। তিনি বলেন, ১০ মে রাত ১টার মধ্যেই পাকিস্তানের উদ্দেশ্য ছিল ৪৮ ঘণ্টার মধ্যে ভারতকে হাঁটু মুড়ে বসানো। কিন্তু ভারতীয় সেনার পাল্টা আক্রমণে তা দ্রুত শেষ হয়ে যায়।
পহেলগাঁও-এর জঙ্গি হামলাকেই এই যুদ্ধের সূত্রপাত হিসেবে উল্লেখ করে CDS বলেন, সন্ত্রাসবাদের কোনও নির্দিষ্ট যুক্তি নেই। তিনি পাকিস্তানের উদ্দেশে বার্তা দেন যে, ভারতের সহনশীলতার একটি সীমা রয়েছে। এবং গত দুই দশকেরও বেশি সময় ধরে চলে আসা ছায়াযুদ্ধের অবসান হওয়া দরকার। তিনি ভবিষ্যতের যুদ্ধ এবং প্রযুক্তিগত পরিবর্তনের উপরও গুরুত্ব আরোপ করেন, যা আধুনিক যুদ্ধক্ষেত্রকে নতুন মাত্রা দিয়েছে।












Click it and Unblock the Notifications