দূষণে দমবন্ধ রাজধানী, ওয়ার্ক ফ্রম হোম থেকে গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, আজ থেকেই কার্যকর দিল্লীতে কড়া পদক্ষেপ
ভয়াবহ আকার নিয়েছে দিল্লীর বায়ুদূষণ। টানা কয়েকদিন ধরে বায়ু মান সূচক (একিউআই) 'সিভিয়ার' স্তরে পৌঁছনোর পর অবশেষে কঠোর পদক্ষেপে হাঁটল দিল্লী সরকার। বৃহস্পতিবার থেকেই কার্যকর হল একাধিক দূষণ নিয়ন্ত্রণমূলক বিধিনিষেধ। এর মধ্যে রয়েছে অফিসে হাইব্রিড ওয়ার্ক মডেল চালু, নির্দিষ্ট যানবাহনের শহরে প্রবেশে নিষেধাজ্ঞা ও পেট্রোল পাম্পে জ্বালানি নিতে বাধ্যতামূলক পিইউসি সার্টিফিকেট।
দিল্লিতে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) এর চতুর্থ ধাপ কার্যকর হওয়ার পর এই নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। এর আগে টানা তিন দিন 'সিভিয়ার' ক্যাটেগরিতে একিউআই থাকায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম) জিআরএপি -4 চালু করে। তবে দূষণ মোকাবিলায় নেওয়া পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করে আরও সমন্বিত ও কঠোর পরিকল্পনার দাবি জানিয়েছে।

দিল্লীর শ্রমমন্ত্রী কপিল মিশ্র জানিয়েছেন, সরকারি ও বেসরকারি সমস্ত অফিসকে হাইব্রিড ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি চালু করতে হবে। নির্দেশ অনুযায়ী, কোনও বেসরকারি অফিসে একসঙ্গে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী সরাসরি কাজে উপস্থিত থাকতে পারবেন, বাকিদের বাড়ি থেকে কাজ করতে হবে। নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
তবে এই নির্দেশের আওতার বাইরে থাকছেন জরুরি পরিষেবার কর্মীরা। হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবা, অগ্নিনির্বাপন বিভাগ, দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত দপ্তর, পরিবহণ ও সাফাই পরিষেবার কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
পরিবেশমন্ত্রী মঞ্জিন্দর সিং সিরসা জানিয়েছেন, জিআরএপি-4 কার্যকর থাকাকালীন দিল্লির বাইরে নিবন্ধিত ও বিএস-VI মানদণ্ডের নীচে থাকা কোনও গাড়ি শহরে ঢুকতে পারবে না। পাশাপাশি নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের প্রবেশও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে বৃহস্পতিবার থেকেই দিল্লীর সীমান্ত ও পেট্রোল পাম্পগুলিতে ট্রাফিক পুলিশ ও পরিবহণ দপ্তরের বিশেষ দল মোতায়েন করা হয়েছে। এদিকে সুপ্রিম কোর্ট বিএস-III ও তার নীচের যানবাহনের ক্ষেত্রে আগের দেওয়া সুরক্ষা প্রত্যাহার করেছে।
দূষণ নিয়ন্ত্রণে আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লী সরকার। বৃহস্পতিবার থেকে বৈধ পলিউশন আন্ডার কন্ট্রোল (পিইউসি) সার্টিফিকেট না থাকলে কোনও গাড়িকে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না। অনুমোদিত পিইউসি কেন্দ্রে নির্গমন পরীক্ষা করে এই শংসাপত্র দেওয়া হয়।
দুই ও তিন চাকার গাড়ির জন্য পিইউসি সার্টিফিকেটের ফি ৬০ টাকা, চার চাকার জন্য ৮০ টাকা এবং ডিজেলচালিত গাড়ির ক্ষেত্রে ১০০ টাকা। বিএস-IV ও বিএস-VI মানের গাড়ির জন্য এই সার্টিফিকেটের বৈধতা ১২ মাস।
দূষণের কবল থেকে দিল্লীকে রক্ষা করতে এই বিধিনিষেধ কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর রাজধানীবাসীর।












Click it and Unblock the Notifications