৪০৩টি কেন্দ্রে ৪০৩ জন ‘পর্যবেক্ষক’! বিজেপির মেগা-প্ল্যান উত্তরপ্রদেশ নির্বাচনে
৪০৩টি কেন্দ্রে ৪০৩ জন ‘পর্যবেক্ষক’! বিজেপির মেগা-প্ল্যান উত্তরপ্রদেশ নির্বাচনে
২০২২-এ উত্তরপ্রদেশ নির্বাচনে ক্ষমতা ধরে রাখাই বিজেপির টার্গেট। সেই লক্ষ্যে বিজেপি তৈরি করে ফেলেছে কৌশল। এবার উত্তরপ্রদেশের প্রতিটি বিধানসভা আসনে একজন করে সিনিয়র নেতা মোতায়েন করবে বিজেপি। বিজেপির নির্বাচনী ক্রিয়াকলাপ তদারকির জন্যই কেন্দ্রওয়াড়ি একজন করে পর্যবেক্ষক বসানোর পরিকল্পনা করেছে গেরুয়া শিবির।

প্রতি কেন্দ্রে একজন করে সিনিয়র নেতা
২০২২-এর প্রথম দিকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রতি কেন্দ্রে একজন করে সিনিয়র নেতা দলের কৌশল তত্ত্বাবধান, নেতা-নেত্রীদের মধ্যে সমন্বয় এবং বিভিন্ন প্রতার পরিকল্পনা বাস্তবায়ন ঘটাতে সহায়তা করবেন। সূত্রের খবর, উত্তরপ্রদেশে সিনিয়র নেতাদের মোতায়েন করে বিজেপি স্থানীয় নেতাদের সঙ্ঘবদ্ধ হয়ে কাজের বার্তা দিচ্ছে।

৪০৩ জন সিনিয়র নেতা ইউপির দায়িত্বে!
উত্তরপ্রদেশে ৪০৩টি বিধানসভা কেন্দ্র। এই এতগুলি বিধানসভা কেন্দ্রে একজন করে দায়িত্ব দেওয়ার অর্থ, ৪০৩ জন সিনিয়র নেতাকে দরকার। বিজেপির এই মেগা পরিকল্পনায় তাই রয়েছেন বিভিন্ন রাজ্যের বিজেপি সাংসদ এবং সিনিয়র নেতারা। আগামী মাস থেকেই তাঁরা বিধানসভা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম তদারকি করতে শুরু করবেন।

সফলভাবে কর্মীদের পথ দেখাবেন যাঁরা
সূত্রের খবর, বিজেপির হাতে এমন বিপুল সংখ্যক সিনিয়র নেতা রয়েছেন, যাঁদের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা রয়েছে বা নির্বাচন তদারকি করার অভিজ্ঞতা রয়েছে। তাঁরা সফলভাবে কর্মীদের পথ দেখিয়েছেন নির্বাচনে সাফল্য আনতে। সেইসব বর্ষীয়ান নেতাদের অভিজ্ঞতা আগামী বছরের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ব্যবহার করতে চাইছে বিজেপি।

উত্তরপ্রদেশ নির্বাচনে অভিজ্ঞতায় জোর বিজেপির
বিজেপির জাতীয় এবং রাজ্য স্তরে নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা আছে এমন বহু নেতা এবং তাণদের অভিজ্ঞতা ব্যবহার করতে দোষের কিছু নেই। উত্তরপ্রদেশ নির্বাচনে সেটাই করতে চাইছে বিজেপি। একজন সিনিয়র নেতাকে একটি বিধানসভা ক্ষেত্রের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যান্য রাজ্যের নেতাদেরও এই উদ্দেশ্যে উত্তর প্রদেশে পাঠানো হবে এবং তাঁরা তাঁদের নিজ নিজ বিধানসভা আসনে দলীয় কাজের সমন্বয় ও তদারকি করবে।

দলীয় কর্মকাণ্ড তদারকি করার দায়িত্বে সিনিয়ররা
বিজেপির এক শীর্ষ নেতা বলেন, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য যে ৪০৩ জন সিনিয়র নেতাকে চাই, তাঁদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, উত্তরপ্রদেশের সংসদ সদস্য এবং বিজেপিশাসিত রাজ্যের মন্ত্রীরা। সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন সেইসব সিনিয়র নেতাদের দলীয় কর্মকাণ্ড তদারকি করার দায়িত্ব দেওয়া হবে।

একজন নেতাকে একটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব
বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, একজন নেতাকে একটি বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হবে এবং অন্যান্য সিনিয়র নেতারা চার বা পাঁচটি বিধানসভা বিভাগের ক্লাস্টার তত্ত্বাবধান করবেন। সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যকে কয়েকটি লোকসভা আসনে ভোট-তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর সঙ্গে বেশ কয়েকজন কেন্দ্রীয়মন্ত্রী, বিজেপিশাসিত রাজ্যের মন্ত্রী এবং সিনিয়র নেতাদেরও দায়িত্ব দেওয়া হয়েছিল।

নির্বাচনী এলাকায় ব্যাকডোরে থেকে কার্যক্রম পরিচালনা
পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক (সংগঠন) সুনীল বনশলকে পাঁচটি অঞ্চলের মধ্যে একটিতে নির্বাচনী কার্যক্রমের তত্ত্বাবধানের দায়িত্বও দেওয়া হয়েছিল। সেইমতো উত্তরপ্রদেশের ক্ষেত্রেও আগামী দিনে সিনিয়র নেতাদের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হবে। তাঁরা সাংগঠনিক কাজে বেশি মনোযোগী হবেন এবং তাঁরা নিজ নিজ এলাকায় বা নির্বাচনী এলাকায় ব্যাকডোরে থেকে কার্যক্রম পরিচালনা করবেন।












Click it and Unblock the Notifications