'গান্ধী নাম দত্তক নিলেই দেশভক্ত হওয়া যায় না', রাহুলকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর
রাহুল গান্ধীর সমালোচনায় মুখর হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। আজ এই বিষয়ে রাহলকে তোপ দেগে টুইট করেন গিরিরাজ।
|
গিরিরাজের টুইট
গিরি রাজ আজ টুইট বার্তায় লেখেন, 'বীর সাভারকর একজন সত্যিকারের দেশভক্ত ছিলেন। কেউ শুধু গান্ধী নাম দত্তক নিলেই দেশভক্ত হয়ে যায় না। একজনের শরীরে ভারতীয় রক্ত থাকতে হয় সত্যিকারের ভারতপ্রেমী হতে গেলে। ছদ্ববেশে এতদিন অনেক লোক এই দেশকে লুটেছে।' রাহুল গান্ধী, সনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি আরও লেখেন, 'এরা কারা? এরা কী আদেও প্রকৃত ভারতীয়? এরা কী সাধারণ ভারতবাসী?'

'ভারত বাঁচাও' সভা
প্রসঙ্গত, আজকেই রামলীলা ময়দানে 'ভারত বাঁচাও' সভা করে কংগ্রেস। দেশে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী অশান্ত পরিস্থিতির জন্যে সরকারকে দায়ী করে এই সভা অনুষ্ঠিত করে কংগ্রেস। পাশাপাশি দেশে বাড়তে থাকা ধর্ষণের ঘটনা ও অর্থনীতির মন্দাও বিজেপিকে আক্রমণের হাতিয়ার হিসাবে তুলে নিয়েছিল কংগ্রেস।

রেপ ইন ইন্ডিয়া বিতর্ক
এদিকে ১২ ডিসেম্বর ঝাড়খণ্ডের গোড্ডাতে এক নির্বাচনী সভায় গিয়ে রাহুল গান্ধী দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে ভাষণ রাখেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, "প্রধানমন্ত্রী মোদী 'মেক ইন ইন্ডিয়া' নিয়ে কথা বলছেন। তবে সংবাদপত্রের শিরোনামে আমরা কেবল ভারতে ধর্ষণ দেখি। আজ বিজেপি শাসিত প্রতিটি রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটছে। উন্নাওতে বিজেপির একজন বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর গাড়িতে হামলা করা হয়েছিল পর্যন্ত এবং তবুও প্রধানমন্ত্রী এ নিয়ে কোনও কথা বলেননি।"

রাহুলের মন্তব্যের বিরোধিতায় সরব হয় বিজেপি
এই বক্তব্যের বিরোধিতায় শুক্রবার উত্তাল হয় সংসদ। রাহুল গান্ধীর মন্তব্যের জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে দাবি তুলে সংসদ অচল করে দেন বিজেপি সাংসদরা। দেশের মহিলাদের অসম্মান করার জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান তাঁরা। গান্ধী ক্ষমা চাইতে অস্বীকার করায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নেতৃত্বে বিজেপির মহিলা বিধায়করা সরব হন রাহুলের বিরুদ্ধে। তিনি বলেন, রাহুল গান্ধী ভারতীয় পুরুষ ও মহিলা সবাইকে অপমান করেছেন।

আজ বিজেপিকে আক্রমণ করতে রাহুল সাভারকরের নাম নেন
সেই সভাতেই আজ রাহুল গান্ধী বলেন, 'আমি রাহুল গান্ধী, রাহুল সাভারকার নই। আমি ক্ষমা চাইব না।' রাহুল গান্ধী ক্ষমা চাইবেন না বলে নিজের অবস্থান স্পষ্ট করেন। এরপর রাহুল গান্ধী বলেন, 'আমার কাছে একটি পুরনো ক্লিপ রয়েছে ভিডিওর, যেখানে মোদীজি দিল্লিকে 'রেপ ক্যাপিটাল ' বলছেন। এবার শুধু টুইটারে সেটা আপলোডের অপেক্ষা।'












Click it and Unblock the Notifications