বাংলার ভোটে বড় পরিবর্তন! ৮ দফা থেকে কমে ২, কেন এমন সিদ্ধান্ত? জানাল নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এই বার মোট দুই দফায় ভোট হবে, ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। সমস্ত দফার ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণা করা হবে ৪ মে।

এই বছর শুধু পশ্চিমবঙ্গ নয়, সেইসঙ্গে আরও চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচিও প্রকাশ করেছে কমিশন। সেই তালিকায় রয়েছে তামিলনাড়ু, পুদুচেরী, কেরালা ও অসম। সব মিলিয়ে এই রাজ্যগুলিতে মোট ভোটারের সংখ্যা রয়েছে প্রায় ১৭ কোটি ৪০ লক্ষ। কমিশন জানিয়েছে যে, মোট ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, এই বার পশ্চিমবঙ্গে ভোটের দফা কমিয়ে আনা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, "কমিশন মনে করছে যে দফা কমানো প্রয়োজন। দীর্ঘ আলোচনা এবং পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া আরও সহজ এবং সুবিধাজনক হয়।"
ভোট পরিচালনা করার জন্য চারটি রাজ্য এবং পুদুচেরি মিলিয়ে মোট প্রায় ২.১৮ লক্ষ ভোটকেন্দ্র তৈরি করা হবে। বিধানসভা আসনের সংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গে রয়েছে ২৯৪টি আসন, তামিলনাড়ুতে ২৩৪, কেরালাতে ১৪০, অসমে ১২৬ এবং পুদুচেরীতে ৩০টি আসন রয়েছে।
এদিকে আবার বাংলার ভোট নিয়ে সহিংসতার আশঙ্কার প্রসঙ্গেও মন্তব্য করেছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি জানিয়েছেন যে, আগের নির্বাচনে যেসমস্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তাঁদের তালিকা চাওয়া হয়েছে এবং প্রয়োজন অনুসারে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। কমিশনের দাবি যে, এবারের নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে সম্পন্ন করাই তাদের লক্ষ্য।












Click it and Unblock the Notifications