জানুয়ারিতেই ১০ দিন ব্যাঙ্ক বন্ধ! কোন কোন দিনে? জানিয়ে দিল RBI, দেখুন
নতুন বছরের শুরুর আগেই ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। আরবিআইয়ের ক্যালেন্ডার অনুসারে, ২০২৬-এর জানুয়ারি মাসে দেশের বিভিন্ন রাজ্যে সবমিলিয়ে অন্তত ১০ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে নতুন বছরের দিন, মকর সংক্রান্তি, নেতাজি জন্মদিন এবং প্রজাতন্ত্র দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনগুলিও।

RBI জানিয়েছে যে, জানুয়ারি মাসে রাজ্যভেদে আলাদা আলাদা কারণে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। যেমন, ১লা জানুয়ারি নতুন বছর উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই একই দিনে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে গান-নগাই (Gaan-Ngai) উৎসবও পালিত হবে। ২ জানুয়ারি কেরল এবং মিজোরামে নতুন বছরের বিশেষ উৎসব উপলক্ষে ছুটি থাকবে। ৩ জানুয়ারি উত্তরপ্রদেশে হজরত আলির জন্মদিন উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
পশ্চিমবঙ্গের জন্য আরও একটি উল্লেখযোগ্য দিন হলো ১২ জানুয়ারি। সেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিবস। সেদিন রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৪ এবং ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি (Makar Sankranti), পোঙ্গল (Pongal), উত্তরায়ণ পুন্যকালা (Uttarayana Punyakala)-র মতো বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণে অসম, ওড়িশা, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ সহ একাধিক রাজ্যে ব্যাঙ্কে ছুটি থাকবে। তামিলনাড়ুতে ১৬ এবং ১৭ জানুয়ারি পর্যন্ত টানা দু'দিন তিরুভাল্লুভার দিবস (Thiruvalluvar Day) এবং উঝাভার থিরুনাল (Uzhavar Thirunal)-এর জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে ব্যাঙ্কে ছুটি থাকবে। ওই দিনই রাজ্যে সরস্বতী পুজো হওয়ার কারণে ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে না। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হওয়ার কারণে দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে আরবিআই স্পষ্ট জানিয়েছে যে, এই দিনগুলিতে শুধুমাত্র ব্যাঙ্কের শারীরিক শাখাগুলি বন্ধ থাকবে। অনলাইন ব্যাঙ্কিং, ইউপিআই, এটিএম পরিষেবা, নেফট, আরটিজিএস এবং আইএমপিএস স্বাভাবিকভাবেই চালু থাকবে।
অন্যদিকে, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ ছিল। শুধু ব্যাঙ্ক নয়, শেয়ার বাজার এবং মাল্টি কমোডিটি এক্সচেঞ্জেও লেনদেন বন্ধ রাখা হয়েছিল সেদিন।












Click it and Unblock the Notifications