পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে নয়াদিল্লির সতর্ক পদক্ষেপ, শান্তির ডাক দিল ভারত
পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সংঘাতরোধে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার প্রয়োজন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমান ও কুয়েতের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে কথা বলেছেন।
মন্ত্রক জানিয়েছে, যেসব দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে ইরান সম্প্রতি প্রত্যাঘাত শুরু করেছে। ওই তালিকায় রয়েছে ওমান ও কুয়েত। মোদী ফোনে উভয় রাষ্ট্রপ্রধানকে আশ্বস্ত করেছেন ও সেই দেশের ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়েও আলোচনা করেছেন। এর আগে মোদী সৌদি আরব, বাহরিন, জর্ডন, আরব আমিরশাহী ও ইজরায়েলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও কথা বলেছেন।

গত শনিবার ভোরে তেহরানে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির। এরপর ইরান ইজরায়েল ও ওই অঞ্চলের অন্যান্য দেশে প্রত্যাঘাত শুরু করে। বিদেশ মন্ত্রক মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে উপসাগরীয় অঞ্চলে শুরু হওয়া সংঘাত নিয়ে ভারত উদ্বিগ্ন। উভয় পক্ষকেই সংযত থাকার ও সাধারণ মানুষের নিরাপত্তা অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বিবৃতিতে বলা হয়েছে, "দুর্ভাগ্যবশত রমজানের মাসে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে।"
ভারতীয় বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সংঘাতের মাত্রা শুধু গুরুতর নয়, তা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষ বিপদে পড়ছে, জীবনযাত্রা ব্যাহত হচ্ছে ও বাণিজ্যিক কার্যক্রম থমকে গেছে। উপসাগরীয় অঞ্চলে প্রায় এক কোটি ভারতীয় বসবাস করেন ও তাদের নিরাপত্তা ভারত প্রাধান্য দিচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের মাধ্যমে ভারতের বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপর প্রভাব পড়তে পারে। সাম্প্রতিক হামলায় কয়েকজন ভারতীয় নাগরিক নিহত ও নিখোঁজ হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়।
এই পরিস্থিতিতে ভারত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের দ্রুত সমাধান চাইছে। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেসব দেশে হামলা হয়েছে সেখানে ভারতীয় দূতাবাস ও উপদূতাবাস নিয়মিত নাগরিকদের সঙ্গে যোগাযোগ রাখছে ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। প্রধানমন্ত্রী মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিস্থিতির ওপর সরাসরি নজর রাখছেন। জাতীয় স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারত প্রস্তুত।












Click it and Unblock the Notifications