শিশুকে স্তন্যপান করানো মায়েরাও করোনার টিকা নিতে পারবেন, বড় ঘোষণা কেন্দ্রের
শিশুকে স্তন্যপান করানো মায়েরাও করোনার টিকা নিতে পারবেন
টিকা নেওয়ার ক্ষেত্রে সদ্য হওয়া মায়েদের আর কোনও বাধা থাকল না। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার তিনমাসের মধ্যে ভ্যাকসিন নেওয়া যেতে পারে। এছাড়াও বুধবারের নির্দেশনায় বলা হয়েছে, স্তন্যপান করানো মায়েরাও এখন থেকে টিকা নিতে পারবেন।

সম্প্রতি করোনা টিকার ২টি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে দিলেও আক্রান্তদের সুস্থ হয়ে যাওয়ার কতদিন পর টিকা নেওয়া উচিত তা একেবারেই স্পষ্ট ছিল না। সম্প্রতি বলা হয়েছিল, কোভিড থেকে সেরে ওঠার ছয় মাস পর টিকা নেওয়া যাবে। কিন্তু তা খারিজ করে কোভিড টিকা সংক্রান্ত জাতীয় উপদেষ্টা গোষ্ঠী (এনইজিভিএসি) সুপারিশে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে করোনায় সুস্থ হওয়ার তিনমাস পরই টিকা নেওয়া যেতে পারে। কেন্দ্র এও জানিয়েছে যে প্রথম ডোজ নেওয়ার পর যদি ওই ব্যক্তি কোভিডে আক্রান্ত হন তবে দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও সুস্থ হওয়ার তিনমাস পরই টিকা নেওয়ায় কোনও বাধা থাকবে না।
নির্দেশিকায় এও বলা হয়েছে যে টিকা গ্রহণের আগে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার প্রয়োজন নেই। বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে এও জানানো হয় যে শিশুকে স্তন্যপান করানো মায়েরাও এখন থেকে টিকা নিতে পারবেন। তবে গর্ভবতী মহিলাদের টিকা নেওয়ার বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে।
দিন কয়েক আগেই মোদি সরকার কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান বাড়িয়েছে। আগে ছিল ৬ থেকে ৮ সপ্তাহ। এখন কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। যদিও কোভ্যাক্সিনের দু’টি ডোজের সময়ের ব্যবধান একই রাখা হয়। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়ে কেন্দ্র। প্রসঙ্গত, জানুয়ারি থেকে শুরু হওয়া করোনার টিকাকরণ কর্মসূচিতে এখনও পর্যন্ত ১৮.৫৭ কোটি ডোজের ব্যবহার হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১ মে থেকে শুরু হওয়া ১৮ বছরের ঊর্ধ্বে নাগরিকদের টিকাকরণে এখনও পর্যন্ত ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৬৪,৬০,৬২৪ জন টিকা পেয়েছেন।












Click it and Unblock the Notifications