অমিত শাহের সঙ্গে বৈঠক অজিত দোভালের, দিল্লির ঘটনা নিয়ে উঠে এল নানা কারণ
দিল্লির হিংসা বিধ্বস্ত ঘটনাস্থল পরিদর্শনের পর বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ২ ঘন্টা বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
দিল্লির হিংসা বিধ্বস্ত ঘটনাস্থল পরিদর্শনের পর বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ২ ঘন্টা বৈঠক করলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকের পর অজিত দোভাল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিস্থাপনে চেষ্টা চালানো হচ্ছে। জানা গিয়েছে অজিত দোভাল ফের হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন।

২৪ ঘন্টায় ২ বার ঘন্টাস্থল পরিদর্শন অজিত দোভালের
বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। ২৪ ঘন্টার মধ্যে যা ছিল দ্বিতীয়বার। মঙ্গলবার রাতে তিনি উত্তর-পূর্ব দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছিলেন। পরে তিনি বুধবারও সেখানে যান। গ্রাউন্ড জিরোতে গিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।

বৃহস্পতিবারও ঘটনাস্থলে যাচ্ছেন অজিত দোভাল
সূত্রের খবব অনুযায়ী, অজিত দোভাল বৃহস্পতিবার ফের ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। যদি তিনি যান, তাহলে পরপর ৩ দিন উত্তর-পূর্ব দিল্লির হিংসা বিধ্বস্ত এলাকায় তিনি যাবেন।

এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু, আহত কমপক্ষে ৩৩০ জন
রবিবার থেকে হওয়া দিল্লির হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৩০ জন। হিংসা বিধ্বস্ত এলাকায় প্রায় ৬০ কোম্পানি আধাসেনা মোতায়েন করেছে প্রশাসন। প্রতি কাম্পানিতে জওয়ানের সংখ্যা ১০০ জন করে।

হিংসার পিছনে নানা কারণ
নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রক প্রাথমিকভাবে যাচাই করে দেখেছে, দিল্লি পুলিশ প্রথমের দিকে হিংসাকে অবজ্ঞা করেছে। কার্যত তারা ঘুমিয়ে ছিল। ডোলান্ড ট্রাম্পের ভারত সফর উপলক্ষে দিল্লির একটা অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এছাড়াও যে এলাকায় সংঘর্ষ ছড়িয়েছে, তা ঘিঞ্জি এবং ঘন বসতিপূর্ণ। হিংসাকারীরা বাইরে থেকেও এসেছে বলে জানা গিয়েছে। বহিরাগতদের চিহ্নিতকরণের কাজ চলেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে দিল্লি পুলিশে শীঘ্রই ব্যাপক পরিবর্তন আসতে চলেছে।












Click it and Unblock the Notifications