২০০৭-এর স্মৃতিচারণ, মোদীর কথায় আবেগতাড়িত হয়ে বিদায় জানালেন গুলাম নবি আজাদ
মেয়াদ শেষ হচ্ছে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের। সকালে বিদায়ী সাংসদদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে আবেগঘন হন প্রধানমন্ত্রী মোদী। কথা বলতে বলতে এক সময় কেঁদে ফেলেন প্রধানমন্ত্রী। এরপর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজদ নিজেও আবেগতাড়িত হয়ে পড়েন ২০০৭-এর ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে।

'আমি ভাগ্যবান যে আমি কখনও পাকিস্তান যাইনি'
এদিন গুলাম নবি আজাদ বলেন, 'আমি ভাগ্যবান যে আমি কখনও পাকিস্তান যাইনি। আমি যখন পাকিস্তানের ঘটনাবলী পড়ি, আমি গর্ব অুভব করি যে আমি হিন্দুস্তানি মুসলিম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অবসান ঘটে। ভারতের প্রতিটি মুসলিমের গর্বিত হওয়া উচিত যে তাঁরা ভারতীয় মুসলিম।'

গুজরাতে জঙ্গি হামলায় তীর্থযাত্রীদের মৃত্যুতে আমি কেঁদেছিলাম
এরপর মোদীর সঙ্গে তাঁর সম্পর্কের বিবরণ দিতে গিয়ে গুলাম নবি আজাদ বলেন, 'একটা সময় ছিল যখন আমার আর প্রধানমন্ত্রীর কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু কখনও উনি তা ব্যক্তিগত ভাবে নেননি৷ গুজরাতে জঙ্গি হামলায় তীর্থযাত্রীদের মৃত্যুতে আমি কেঁদেছিলাম। বাবার ক্যানসারের খবরে কেঁদেছিলাম। ওড়িশার সাইক্লোনের পরিস্থিতি দেখেও আমি কেঁদেছিলাম। এছাড়া ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মৃত্যু সময় কেঁদেছিলাম। জীবনে এই পাঁচবার এর আগে কেঁদেছি।'

'বিরোধী ও শাসকদল ক্রমাগত লড়াই করে যেতে পারে না'
এরসঙ্গেই গুলাম নবি আজাদ বলেন, 'বিরোধী ও শাসকদল ক্রমাগত লড়াই করে যেতে পারে না। মানুষ আমাদের এখানে প্রতিনিধি করে পাঠিয়েছেন তাঁদের জন্য আইন বানানোর স্বার্থে। আমি এই শিক্ষা অটল বিহারী বাজপেয়ির থেকে পেয়েছি। অটলজি যখন লোকসভায় বিরোধী দলনেতা ছিলেন, তখন লোকসভার কার্যক্রম সবথেকে মসৃণ ভাবে চলত।'

আবেগঘন মোদী
এর আগে এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আমি কোনও দিন শ্রী আজাদজি ও প্রণব মুখোপাধ্যায়ের অবদান ভুলব না৷ যখন সন্ত্রাস হামলার জন্য গুজরাতের বহু মানুষ কাশ্মীরে আটকে ছিলেন৷ সে রাতে গুলাম নবিজি আমাকে ফোন করেছিলেন, মনে হয়েছিল পরিবারের কোনও সদস্য ফোন করেছেন আমায়৷ এরকম অনুভূতিই উনি আমাকে দেখিয়ে ছিলেন৷'












Click it and Unblock the Notifications