আক্রান্ত হতে পারে নাতিও, আতঙ্কে আত্মহত্যা করলেন কোভিড পজিটিভ বৃদ্ধ দম্পতি
আত্মহত্যা করলেন কোভিড পজিটিভ বৃদ্ধ দম্পতি
প্রিয় নাতি যাতে কোনওভাবে আক্রান্ত না হয় তার জন্য আত্মহত্যার রাস্তা বেছে নিলেন করোনা পজিটিভ বৃদ্ধ দম্পতি। কোটার ওই দম্পতি রেল কলোনি পুলিশ থানার অন্তর্গত চম্বল ওভারব্রিজের ওপর থেকে ঝাঁপ মেরে রেললাইনে পড়েন, সেই সময় উল্টোদিক থেকে আসছিল দিল্লি–মুম্বই এক্সপ্রেস, তাতেই কাটা পড়ে যান। মর্মান্তিক এই ঘটনা ঘটে রবিবার। করোনায় আক্রান্ত হোয়ার পর তাঁরা বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন।

পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৭৬ ধারায় মামলা দায়ের করেছে এবং দেহ দু’টিকে কোভিড বিধি অনুসরণ করে শেষকৃত্যের জন্য পাঠানো হয়েছে। মৃতরা হলেন হীরালাল বৈরওয়া (৭৫) এবং তাঁর স্ত্রী শান্তিবাই (৭০), তাঁরা কোটা শহরের রেলওয়ে কলোনি পুলিশ স্টেশন অন্তর্গত পুরোহিতজি কি টপরির বাসিন্দা। আট বছর আগে ওই দম্পতি তাঁদের একমাত্র সন্তানকে হারিয়ে এখন তাঁদের ১৮ বছরের নাতি ও পুত্রবধূকে নিয়ে থাকেন। গত ২৯ এপ্রিল ওই বৃদ্ধ দম্পতির কোভিড পজিটিভ রিপোর্ট আসে। তখন থেকেই তাঁরা কোয়ারেন্টাইনে ছিলেন।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে ওই দম্পতি সবসময় আতঙ্কে থাকতেন যে তাঁরা হয়ত তাঁদের নাতি ও পরিবারের অন্য সদস্যদেরও এই মারণ ভাইরাসে আক্রান্ত করতে পারেন। রবিবার খুব ভোরে তাঁরা বাড়ি ছাড়েন এবং দিল্লি–মুম্বই ট্রেনের সামনে গিয়ে পড়েন চম্বল ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে। পুলিশ ঘটনাস্থলে সকাল ১১টা এসে দেহ দু’টি উদ্ধার করে। কোভিড নিয়ম অনুসারে তাঁদের দেহ শেষকৃত্যের জন্য পাঠানো হয়। কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications